চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩০ একর জমির ওপর নির্মিত কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৩৫ লাখ ডলার বিনিয়োগে স্থাপিত এ কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রতি মাসে ১৫০ কোটি টাকার পণ্য বিক্রি এবং ৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বর্তমানে স্থানীয় বাজারের জন্য প্লাস্টিক, পলিমার ও পিভিসি পণ্য তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এসব পণ্য রপ্তানির পরিকল্পনাও রয়েছে।
চলতি সপ্তাহে কারখানাটি ঘুরে দেখা যায়, স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে তৈরি হচ্ছে প্লাস্টিকের চেয়ার ও পাইপ। যন্ত্রের এক প্রান্ত দিয়ে কাঁচামাল হিসেবে রেজিন সরবরাহ করা হচ্ছে। অন্য প্রান্ত দিয়ে নির্দিষ্ট আকৃতির পণ্য বেরিয়ে আসছে। উৎপাদন প্রক্রিয়ার অধিকাংশ কাজই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। পরে শ্রমিকেরা তৈরি পণ্যগুলো গুছিয়ে রাখছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম বলেন, কারখানাটিতে প্রাথমিকভাবে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ২০২৭ সালে আরও আড়াই হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। কারখানার কার্যক্রম পুরোপুরি সম্প্রসারণ করা হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বর্তমানে কারখানাটিতে প্লাস্টিকের চেয়ার ও পাইপ, পিভিসি শিট এবং এসপিসি ফ্লোরিংসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হচ্ছে। গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র ও ভবন নির্মাণসামগ্রীসহ কয়েক হাজার ধরনের পণ্য তৈরির সক্ষমতা গড়ে তোলা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মগ, জগ, বালতি, খাবার সংরক্ষণের পাত্র, চেয়ার, টেবিল, সোফা, ওয়ারড্রোব, জুতার র্যাক ও রান্নাঘরের র্যাক।
প্রতিষ্ঠানটির দাবি, কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রতি মাসে প্রায় ৮ হাজার মেট্রিক টন প্লাস্টিক পণ্য উৎপাদন করা সম্ভব হবে। আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে পণ্য বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। কারখানাটি পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। পরিবেশবান্ধব কারখানার লিড (LEED) সনদ পাওয়ার জন্যও কাজ চলছে। উৎপাদন প্রক্রিয়ায় বাতিল প্লাস্টিক পুনর্ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করে কারখানার কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রিমিটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানটির কারখানায় বৈদ্যুতিক তার দৃশ্যমান নয়। এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাসবার ট্রাংকিং পদ্ধতি। এ ব্যবস্থায় সুরক্ষিত আবরণের ভেতরে থাকা তামা বা অ্যালুমিনিয়ামের বাসবারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে শর্টসার্কিটের ঝুঁকি কমে।
তবে কারখানাটির উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে গ্যাসসংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এম এ কাইয়ুম। তিনি বলেন, গ্যাস সংযোগের জন্য প্রায় দেড় বছর আগে আবেদন করা হলেও এখন পর্যন্ত সংযোগ পাওয়া যায়নি। বিদ্যুৎ থাকলেও কিছু পণ্য উৎপাদনে গ্যাসের প্রয়োজন হয়। ফলে বিকল্প হিসেবে ডিজেল ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।এম এ কাইয়ুম আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আমদানি করা কাঁচামালের শুল্কায়ন আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। কাস্টমসের অতিরিক্ত মূল্যায়নের কারণে কাঁচামালের খরচ বেড়ে যায়। এতে উৎপাদিত পণ্যের দাম বাড়ে এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে।
তিনি আরও জানান, অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের আবাসন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় বাজারব্যবস্থার ঘাটতি রয়েছে। এ কারণে দূরবর্তী এলাকা থেকে শ্রমিক এনে নিয়োগ দিতে হচ্ছে। বর্তমানে শ্রমিকদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থাও করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এ বিষয়ে ইনভেস্ট বাংলাদেশের সদস্য সালেহ আহমেদ বলেন, গ্যাস সরবরাহের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
