কর ফাঁকিতে ২০২৩ সালে বাংলাদেশের ক্ষতি ২.২৬ বিলিয়ন ডলার

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি এবং ধনী ব্যক্তিদের সম্পদ বিদেশে সরিয়ে নেওয়ার কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২.২৬ বিলিয়ন ডলারের রাজস্ব হারিয়েছে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের এক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রকাশিত ‘স্টেট অব ট্যাক্স জাস্টিস ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষতির মধ্যে ২.১৮ বিলিয়ন ডলার বা প্রায় ৯৬.৫ শতাংশের জন্য বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দায়ী। বাকি ৭৯ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ধনী ব্যক্তিদের বিদেশে সম্পদ সরিয়ে কর ফাঁকি দেওয়ার কারণে।

প্রতিবেদনে উল্লিখিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এ দুই খাতে বাংলাদেশের মোট রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল সরকারের স্বাস্থ্য খাতে ব্যয়ের ১৬১ শতাংশের সমান। শুধু বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকিতে রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল ওই বছরের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের ১৫৬ শতাংশ। এছাড়া, এই রাজস্ব ক্ষতির পরিমাণ দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী সব বেকার তরুণের এক বছরের গড় মজুরির ৯১ শতাংশের সমান।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, কর রাজস্বের ক্ষতি কমাতে সরকারের তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত। এগুলো হলো—প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কর ন্যায়বিচার জোরদার করা, ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং দুর্নীতি মোকাবিলাসহ সুশাসনের উন্নয়ন। তিনি বলেন, ‘বিশেষ গোষ্ঠীর স্বার্থের প্রভাব বা তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে নয়, বরং বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও বণ্টনগত ন্যায়বিচারের ভিত্তিতে করনীতি প্রণয়ন করা উচিত।’ তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের চলমান আলোচনা ও প্রতিশ্রুতিতেও এসব সংস্কারকে গুরুত্ব দিতে হবে।

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আনুমানিক কর রাজস্ব ক্ষতির পরিমাণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতে, ৩৪.২২ বিলিয়ন ডলার। এছাড়া পাকিস্তানের ক্ষতির পরিমাণ আনুমানিক ১.৩৩ বিলিয়ন ডলার, শ্রীলঙ্কার ৬২৪.৪ মিলিয়ন ডলার, নেপালের ১৯৬ মিলিয়ন ডলার, আফগানিস্তানের ৩০.৭ মিলিয়ন ডলার, মালদ্বীপের ১০.৫ মিলিয়ন ডলার এবং ভুটানের ০.৮ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির কারণে দেশগুলো আনুমানিক ৪৭৫ বিলিয়ন ডলারের কর রাজস্ব হারিয়েছে। এসব কোম্পানি যে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেখানে মুনাফা দেখানোর পরিবর্তে কম করের দেশ বা অঞ্চলে মুনাফা সরিয়ে নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট ক্ষতির পরিমাণ বিবেচনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সদস্য দেশগুলো। তবে বর্তমানে আদায় করা করপোরেট করের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতির বোঝা বহন করছে ওইসিডির সদস্য নয় এমন দেশগুলো।

এছাড়া, ২০২৩ সালে বিদেশে সম্পদ সরিয়ে কর ফাঁকির কারণে দেশগুলোর অন্তত ১০৮.৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে হিসাব করা হয়েছে। ২০২৫ সালের মূল্যমান অনুযায়ী এ ক্ষতির পরিমাণ ওই বছর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলো যে ২৬ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সরকারি অর্থায়ন পেয়েছিল, তার চার গুণেরও বেশি। এ সমস্যা মোকাবিলায় জাতিসংঘের প্রস্তাবিত আন্তর্জাতিক কর সহযোগিতাবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় সব দেশের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক কর সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক। কনভেনশনটির খসড়া নিয়ে আলোচনা ২০২৭ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে প্রস্তাবিত এই কাঠামোকে ভবিষ্যতে আন্তর্জাতিক করনীতি নির্ধারণ এবং আন্তঃসীমান্ত কর ফাঁকি মোকাবিলায় দেশগুলোর অঙ্গীকার তৈরির ক্ষেত্রে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থাটির হিসাবে, আন্তঃসীমান্ত কর ফাঁকির কারণে প্রতিবছর বিশ্বজুড়ে ৫৮৩ বিলিয়ন ডলারের রাজস্ব হারায় বিভিন্ন দেশ।