পুরান ঢাকায় ৪৪৪ রিম নকল ‘ডাবল এ’ কাগজ আটক

পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়।

অভিযানে প্রতিষ্ঠান দুটিতে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, কাগজগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশে তৈরি। দেশীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে সেগুলো বাজারজাত করা হচ্ছিল।
CIID 25
দুটি অভিযানে মোট ৪৪৪ রিম নকল কাগজ আটক করা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়।

সিআইআইডি জানায়, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। এতে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সিআইআইডির ধারণা, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। এসব প্রতিষ্ঠান শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।