পাকিস্তানের রপ্তানিকারক প্রতিষ্ঠান পিক মিনারেলস প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করা ২৮ টন রক সল্ট (বিট লবণ) চালান খালাসের অনুমতি দেয়নি চট্টগ্রাম কাস্টম হাউস। শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) না থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত রয়েছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, চট্টগ্রামের বোয়ালখালীর ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চালানটি আমদানি করে এবং আমদানিকারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট তাসমিয়া এন্টারপ্রাইজ চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। চালানটির এলসি ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এনসিসি ব্যাংক লিমিটেড। ২০ ফুট কন্টেইনারে আসা পণ্যটি গত ৪ মে থেকে খালাসের অপেক্ষায় থাকলেও আমদানি নথির সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) বা প্রাপ্যতা সনদ সংযুক্ত না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ খালাসের অনুমতি দেয়নি।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, যদি এনওসি নিতে পারে তাহলে পণ্য গুলো খালাস করা হবে অন্যথায় যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে নিলামে তোলা হবে। ১ হাজার ১২০টি ব্যাগে করে পাকিস্তানের রপ্তানিকারক প্রতিষ্ঠান পিক মিনারেলস প্রাইভেট লিমিটেড থেকে আসা চালানটিতে মোট ২৮ মেট্রিক টন রক সল্ট রয়েছে।
জানা গেছে, পণ্যটির মোট ইনভয়েস মূল্য ৬ হাজার ৪৪০ মার্কিন ডলার। এ চালানের বিপরীতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর ও অগ্রিম করসহ মোট ৬ লাখ ৮৩ হাজার ৪৫৫ টাকা ৯৭ পয়সা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।
