পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় নামিদামি পাঁচটি ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে জয়শ্রী অটোমোবাইলসকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই অভিযানে বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করার দায়ে একটি হোটেল এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কদমতলীর জয়শ্রী অটোমোবাইলসে হিরোহনে, শারলু, আরএসএম, মোটুল ও ক্যাস্ট্রল ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন করে খুচরা বাজারে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে দেওয়ানহাট মোড়সংলগ্ন তাজ ফার্মেসিতে মেয়াদবিহীন ওষুধ বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।