হস্ত ও কারুশিল্প পণ্যের জনপ্রিয় বিক্রয় প্রতিষ্ঠান আড়ংয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন গ্রাহক রিমা রহমান। রাজধানীর ধানমন্ডি-২ নম্বরে স্টার কাবাবের বিপরীতে অবস্থিত আড়ংয়ের শোরুমে তাকে নামাজ পড়তে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিমা রহমান।
গত রাতে ফেসবুক লাইভে এসে রিমা রহমান বলেন, ‘আড়ং কি শুরু করেছে? আপনারা কি বলতে পারবেন আড়ংয়ের মালিক কে? সে কি মানুষ?সেকি মানুষের পর্যায়ে পড়ে? আজ (২৩ নভেম্বর) আমিসহ আমার ননদকে নিয়ে সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে ধানমন্ডি-২ এর স্টার কাবাবের বিপরীতে আড়ংয়ের শো-রুমে যাই। তখন মাগরিবের নামাজের সময় হয়েছে। ওই শো-রুমের প্রত্যেকটি ফ্লোরে জিজ্ঞেস করলাম যে, এখানে মাগরিবের নামজটা পড়ব। ওনারা নামাজ পড়তে দিলেন না, বললেন এখানে নামাজ পড়া এলাউ না’।
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ওখানে কি করার জায়গা ভাই? নামাজ পড়তে দেয় না এমন কোনো জায়গা আছে? অচেনা মানুষকে বললেও তো নামাজ পড়তে দেয়। আমরা মুসলমান এটা বুঝতে হবে। মানুষ নামাজের জন্য না করে এরকম আমি দেখিনি। আমি ভাই থাকতে পারলাম না তাই এতো রাতে লাইভে এলাম। এ একটা কথা বলার জন্য।’
আড়ংয়ের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল শপিং ব্যাগ বিতর্ক। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিনামূল্যে শপিং ব্যাগ দেয়া বন্ধ করে দেয়।
গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আড়ংয়ের এ সিদ্ধান্ত কার্যকর হয়। এরপর থেকে কেনাকাটার পর কাগজের ব্যাগ নিতে হলে গ্রাহকদের নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হচ্ছে। অন্যথায় নিজেদের ব্যাগ সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। আড়ংয়ে কেনাকাটার পর শপিং ব্যাগ নিলে সাইজ ও ধরনভেদে সাধারণত ১৫ টাকা থেকে প্রায় ৮৫ টাকা বা তারও বেশি দিতে হয়। এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশও দেয়া হয়েছে।
এবার শপিং ব্যাগ বিতর্কের বাইরে শোরুমে নামাজ পড়তে না দেয়ার অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে জানতে আড়ংয়ে যোগাযোগের নম্বর ০১৯৭৩*****৯৪৬ নম্বরে একাধিবার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ করা হয়নি।
উল্লেখ্য, আড়ং উন্নয়ন সংস্থা ব্র্যাকের অধীনে পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর স্যার ফজলে হাসান আবেদ, আয়েশা আবেদ এবং মার্থা চেন আড়ং প্রতিষ্ঠা করেন। ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তামারা হাসান আবেদ দায়িত্ব পালন করছেন। আড়ংয়ের পণ্যের বড় একটি অংশ তৈরি হয় আয়েশা আবেদ ফাউন্ডেশন ও গ্রামীণ কারিগরদের মাধ্যমে।
