পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংক পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুরের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ,সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. কাওসার হোসেন।

আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাত করেছেন। পরবর্তীতে অর্থ পাচার সংক্রান্ত অপরাধ করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলাটি অনুমোদন হয় বলে জানা গেছে।