নিজ দলের পতনের পর নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা ও সম্পৃক্ততা আড়াল করতে নানা কৌশল অবলম্বন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ। ট্রেড লাইসেন্সে নিজের নাম সরিয়ে প্রথমে স্ত্রীর নামে, পরে প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে নিবন্ধন করান। পরিবর্তন করেন প্রতিষ্ঠানের ঠিকানা ও নামও। মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নাম বদলে রাখা হয় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এভাবে মালিকানা ও সম্পৃক্ততা আড়াল করার পর নতুন নামে আবার ঠিকাদারি ব্যবসায় সক্রিয় হন ফরিদ আহমেদ। গত মে মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে তাঁর প্রতিষ্ঠান তিনটি কাজ পায়। এসব কাজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ টাকার বেশি। তবে দরপত্রে যোগ্যতা প্রমাণের জন্য ব্যবহার করা হয় আগের প্রতিষ্ঠানের অভিজ্ঞতার সনদ।
নতুন নামের ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্রেড লাইসেন্স রয়েছে ফরিদ আহমেদের স্ত্রী রামিহা আহমেদের (রোজা) নামে। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক। দরপত্রে দেওয়া মালিকানাসংক্রান্ত তথ্য অনুযায়ী, ইউটোপিয়ায় ফরিদের অংশীদারত্ব ৬০ শতাংশ এবং তাঁর স্ত্রীর ৪০ শতাংশ। তবে প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে নিজেদের আড়াল করতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুবকর সিদ্দীককে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
ইউটোপিয়া বর্জ্য ব্যবস্থাপনার যে তিনটি কাজ পেয়েছে, সেগুলো হলো সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন। এসব কাজে চুক্তির তুলনায় কম কর্মী নিয়োগ ও তাঁদের কম মজুরি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চুক্তিতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ব্যবহারের শর্ত থাকলেও প্রতিষ্ঠানটি তা অনুসরণ করছে না। এ বিষয়ে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে ইতিমধ্যে লিখিত নোটিশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদ আহমেদের আগের প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে পাওয়া অধিকাংশ কাজই ছিল বর্জ্য ব্যবস্থাপনায় কর্মী সরবরাহের। অভিযোগ রয়েছে, বর্তমান সরকারের সময়ও একই ধরনের অনিয়ম ও অর্থ আত্মসাতের সুযোগ রয়েছে এমন কাজ পেতে ডিএনসিসির বর্তমান প্রশাসন ও কর্মকর্তারা তাঁকে সহযোগিতা করেছেন।
তিন কাজে চুক্তিমূল্য ৬০ কোটি টাকা
ঢাকা উত্তর সিটির ২৬টি ওয়ার্ডে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের কাজ বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়। এসব কাজের জন্য গত ৫ মে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করে। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
প্রতিষ্ঠানটি অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি প্যাকেজের কাজ পায়। এ প্যাকেজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা। এ ছাড়া অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের একটি প্যাকেজে ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার কাজ এবং অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড ও অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ডের প্যাকেজে ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। তিনটি প্যাকেজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।
ওই দরপত্রের মূল্যায়ন কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন ঢাকা উত্তর সিটির তৎকালীন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী। দরপত্র আহ্বানকারী অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলে এ বিষয়ে বক্তব্য দেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন।
ইউটোপিয়াকে দরপত্রে যোগ্য বিবেচনার বিষয়ে ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের মালিক প্রতিষ্ঠানটি অন্য মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। নতুন মালিক কোম্পানির নাম পরিবর্তন করে ইউটোপিয়া রেখেছেন। কোম্পানি আইন অনুযায়ী, নাম বা মালিকানা পরিবর্তন হলেও কোম্পানির দায় ও অধিকার অপরিবর্তিত থাকে। এ বিষয়টি যাচাই করেই ইউটোপিয়াকে যোগ্য ঘোষণা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি কার কাছে বিক্রি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। অথচ ই-জিপির নথিতে ইউটোপিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফরিদ আহমেদ এবং চেয়ারম্যান হিসেবে তাঁর স্ত্রী রামিহা আহমেদের নাম রয়েছে।
নিজেকে আড়াল করতে নানা কৌশল
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নিজের পরিচয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা আড়াল করতে নানা উদ্যোগ নেন ফরিদ আহমেদ। এর শুরু হয় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থেকে নিজের নাম সরানোর মাধ্যমে। নথি অনুযায়ী, সরকারের পতনের দুই সপ্তাহ পর ১৯ আগস্ট ট্রেড লাইসেন্সে নিজের নামের পরিবর্তে প্রতিনিধি হিসেবে স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান রামিহা আহমেদের নামে লাইসেন্স ইস্যুর আবেদন করা হয়।
আবেদনের সঙ্গে যুক্ত একটি নথিতে প্রতিষ্ঠানের শেয়ারের তথ্য উল্লেখ ছিল। সেখানে রামিহা আহমেদের নামে ২ হাজার এবং ফরিদ আহমেদের নামে ৩ হাজার শেয়ার থাকার কথা বলা হয়। এর পরদিন ২০ আগস্ট ফরিদ তাঁর মালিকানাধীন মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের ঠিকানা ভাটারার খিলবাড়িরটেক থেকে গুলশান থানাধীন শাহজাদপুরে পরিবর্তনের আবেদন করেন।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নথি অনুযায়ী, প্রায় পাঁচ মাস পর গত বছরের ২২ জানুয়ারি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নাম পরিবর্তন করে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রাখা হয়।
এরপর বিভিন্ন সময়ে কখনো স্ত্রীর নামে, কখনো প্রতিষ্ঠানের কর্মকর্তার নামে ট্রেড লাইসেন্স নিবন্ধন করা হয়। গত বছরের ১২ এপ্রিল ইউটোপিয়ার লাইসেন্সে স্ত্রী রামিহা আহমেদের নাম পরিবর্তন করে সিইও আবুবকর সিদ্দীকের নামে করার আবেদন করা হয়। আবেদনের সঙ্গে যুক্ত বোর্ড সভার কার্যবিবরণীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফরিদ আহমেদের নামও ছিল। অর্থাৎ ট্রেড লাইসেন্সে নিজের নাম আড়াল করলেও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিনি যুক্ত ছিলেন।
সর্বশেষ গত ১৭ মে ট্রেড লাইসেন্স আবার আবুবকর সিদ্দীকের পরিবর্তে রামিহা আহমেদের নামে করার আবেদন করা হয়। বর্তমানে ইউটোপিয়ার ট্রেড লাইসেন্স তাঁর স্ত্রীর নামেই রয়েছে। তবে সর্বশেষ বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী, নিজেদের আড়ালে রেখে দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপিসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছে সিইও আবুবকর সিদ্দীক ও ব্যবস্থাপক শাহীন আলমকে।
প্রতিষ্ঠান খুলেই ৮৩ কোটি টাকার কাজ
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৭ আগস্ট মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিবন্ধিত হয়। পরের বছর সেপ্টেম্বর থেকেই প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর সিটিতে ঠিকাদারি কাজ শুরু করে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি ১২টি কাজ পায়। এসব কাজের মোট চুক্তিমূল্য ৮৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকা।
এর মধ্যে ২০২১ সালেই ফরিদের প্রতিষ্ঠান চারটি দরপত্রের কাজ পায়। সব কটি কাজই ছিল ঢাকা উত্তর সিটির বিভিন্ন অঞ্চলের ওয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার। এসব কাজের মধ্যে ছিল সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কারের জন্য শ্রমিক নিয়োগ এবং ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন। চারটি কাজের মোট আর্থিক মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা।
ফরিদের পাওয়া অন্য কাজগুলোর বেশির ভাগই ছিল শ্রমিক ও কর্মী সরবরাহের। এসব কাজে কর্মী কম নিয়োগ এবং তাঁদের কম পারিশ্রমিক দিয়ে অর্থ আত্মসাতের সুযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট ২০২২ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় অঞ্চল-৩ ও ৫-এর বর্জ্য সংগ্রহ, ২০২৪ সালে ৭ কোটি টাকায় অঞ্চল-২ ও ৪-এর বিশেষ বর্জ্য সংগ্রহ এবং ২০২৩ সালে প্রায় সোয়া ২ কোটি টাকায় সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কারের কাজ পায়।
এ ছাড়া ২০২৩ সালে মশক নিধনের কাজে কর্মী সরবরাহের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। এ কাজের চুক্তিমূল্য ছিল প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। সে সময় ওয়ার্ড পর্যায়ে চুক্তি অনুযায়ী পর্যাপ্ত কর্মী না পাওয়া এবং তাঁদের কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগ ওঠে। কর্মীদের প্রাপ্য মজুরির অর্থ আত্মসাতের অভিযোগও ছিল।
এসবের বাইরে ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখায় চারটি ঠিকাদারি কাজ পায় ফরিদের প্রতিষ্ঠান। এর মধ্যে তিনটি ছিল শ্রমিক সরবরাহের কাজ। ২০২২ সালে প্রায় অর্ধকোটি টাকায় দক্ষ ও অদক্ষ শ্রমিক সরবরাহ, পরের বছর একই ধরনের কাজ ৬০ লাখ টাকায় এবং ওই বছরই রোড মার্কিংয়ের কাজে আরও অর্ধকোটি টাকায় শ্রমিক সরবরাহের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২০২২ সালে যান্ত্রিক শাখায় ১৯ লাখ টাকার ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের কাজও পায় তারা।
কর্মকর্তা ও প্রকৌশলীদের সম্পৃক্ততার অভিযোগ
ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার কয়েকজন কর্মকর্তা ও প্রকৌশলীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। করপোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মী এ বিষয়ে তথ্য দিয়েছেন। তবে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি।
এ অভিযোগের একটি যোগসূত্র পাওয়া যায় ২০২৩ সালের ২৬ অক্টোবরের একটি চিঠিতে। চিঠি অনুযায়ী, ২৯ অক্টোবর ই-জিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিদের দরপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। ওই চিঠির ২২ নম্বরে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে মো. আলামীনের নাম রয়েছে।
আলামীনের পরিচয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশল শাখার কম্পিউটার কর্মী হিসেবে। ঢাকা উত্তর সিটির এক কর্মকর্তা জানান, আলামীন করপোরেশনের স্থায়ী কর্মী নন। ২০১৮-১৯ সালের দিকে নন-স্কেলভুক্ত কর্মী হিসেবে তাঁর নিয়োগ হয়। গত বছর তিনি স্কেলভুক্ত হন। তিনি করপোরেশনের এক জ্যেষ্ঠ প্রকৌশলীর আত্মীয় হিসেবেও পরিচিত।
ঠিকাদারের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে আলামিনের অংশ নেওয়ার বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি জানান, অতীতে বর্জ্য ব্যবস্থাপনার কাজের জন্য ঠিকাদারদের খুঁজে এনে কাজ দিতে হতো। ঠিকাদারেরা ই-জিপির দরপত্র প্রক্রিয়া বুঝতেন না। তাঁদের সহায়তা করতেই আলামিনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। এ বিষয়ে আলামিনের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
মালিকানার বিষয়ে জানতেন না প্রশাসক
ইউটোপিয়ার মালিক কে—জানতে চাইলে প্রতিষ্ঠানটির সিইও আবুবকর সিদ্দীক বলেন, বিষয়টি তিনি এককথায় বলতে পারবেন না। তাঁর সঙ্গে সরাসরি দেখা করলে বিস্তারিত জানাতে পারবেন। তাঁর দাবি, প্রতিষ্ঠানটি কেনার চেষ্টা করেছিলেন তিনি। তবে ফরিদ আহমেদ উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে ফরিদ হাজির হতে পারেননি। ফলে প্রতিষ্ঠানটি এখনো তাঁর নামেই রয়েছে। তবে ইউটোপিয়ার নামে পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে। এ বিষয়ে ফরিদ আহমেদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, কোন প্রতিষ্ঠান দরপত্রে যোগ্য বা অযোগ্য হবে, তা ই-জিপি প্রক্রিয়ায় নির্ধারিত হয়। এ বিষয়ে তাঁর কোনো হস্তক্ষেপ নেই। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে এবং দরপত্র প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।
প্রতিষ্ঠানটির মালিকানা আড়াল করে কাজ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ইউটোপিয়ার মালিকানা সম্পর্কে তাঁর জানা ছিল না। এ ধরনের কিছু থাকলে তা খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর ভাষ্য, ই-জিপিতে কোনো প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য থাকে না। সেখানে মূলত দরপত্রে প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করা হয়।
