নতুন সঞ্চালন লাইন নির্মাণ না করেই বিদ্যমান অবকাঠামোতে উন্নত প্রযুক্তির তার ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ দ্বিগুণ করতে পারে বাংলাদেশ। এতে খরচ ও সময় দুটোই কম লাগতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রকি মাউন্টেন ইনস্টিটিউটের (আরএমআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
‘লকিং ইন প্রসপারিটি: টেন প্র্যাকটিক্যাল, এভিডেন্স-ব্যাকড অ্যাকশনস টুওয়ার্ড অ্যাফোর্ডেবল, রিলায়েবল অ্যান্ড সিকিউর পাওয়ার সিস্টেমস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত তারের পরিবর্তে উন্নত উপকরণে তৈরি পরিবাহী তার ব্যবহার করলে বিদ্যমান লাইনে বেশি বিদ্যুৎ পরিবহন করা যায়। ফলে নতুন লাইন ছাড়াই সঞ্চালন সক্ষমতা বাড়ানো সম্ভব প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে একটি সঞ্চালন লাইনে এই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছে। তবে লাইনের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। লাইনটির অবস্থান, প্রকল্পের ব্যয়, বাস্তবায়নের সময়সীমা কিংবা প্রযুক্তিগত বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি।
প্রতিবেদনের হিসাবে, উন্নত সঞ্চালন প্রযুক্তি ব্যবহার করে প্রতি মেগাওয়াট সক্ষমতা বাড়াতে ৬০ হাজার থেকে ৭০ হাজার মার্কিন ডলার খরচ হতে পারে। অন্যদিকে, নতুন সঞ্চালন অবকাঠামো নির্মাণে একই সক্ষমতার জন্য ব্যয় হতে পারে ৩ লাখ থেকে ৬ লাখ মার্কিন ডলার। এ ধরনের প্রযুক্তি সাধারণত ছয় থেকে ১৮ মাসের মধ্যে স্থাপন করা সম্ভব। নতুন লাইন নির্মাণের তুলনায় এতে জমি অধিগ্রহণ, অনুমোদন ও নির্মাণকাজও কম প্রয়োজন হয়।
আরএমআই বলছে, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ অবস্থায় উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহের সক্ষমতা বাড়ানো জরুরি। বিদ্যমান লাইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন লাইন নির্মাণের চাপ কমতে পারে। একই সঙ্গে সঞ্চালনব্যবস্থার বিভিন্ন বাধা দূর করাও সহজ হতে পারে। সংস্থাটি নীতিনির্ধারক ও গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সঞ্চালনব্যবস্থার দুর্বল জায়গা চিহ্নিত করতে বলেছে। যেসব লাইনে উন্নত প্রযুক্তিতে সবচেয়ে বেশি সক্ষমতা বাড়ানো সম্ভব, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে তারা। নিয়মিত পরিকল্পনায় যুক্ত করার আগে গুরুত্বপূর্ণ কিছু লাইনে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহারের সুপারিশও করা হয়েছে।
১৫টি দেশের ২০টি উদাহরণ বিশ্লেষণ করে তৈরি এ প্রতিবেদনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর জন্য ১০টি পদক্ষেপের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের চাহিদা ও জ্বালানির দাম বিবেচনায় নমনীয় পরিকল্পনা, জ্বালানি-সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহন, চাহিদা ব্যবস্থাপনা, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ, গ্রিডের স্থিতিশীলতা বাড়ানো, উন্নত সঞ্চালন প্রযুক্তি, বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রাখা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ৩ টেরাওয়াটে পৌঁছেছে। শুধু ওই বছরেই নতুন করে যুক্ত হয়েছে ৬৬০ গিগাওয়াট সক্ষমতা। ২০২১ সালের তুলনায় ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের সক্ষমতা ১১ গুণ বেড়ে প্রায় ৩০০ গিগাওয়াটে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের উদাহরণও তুলে ধরা হয়েছে। ব্রাজিলে বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় এখন প্রায় ৯০ লাখ গ্রাহক ইউনিট রয়েছে। গ্রেট ব্রিটেনে বিদ্যুৎ সংযোগের নিয়ম সংস্কারের ফলে প্রকল্পের অপেক্ষমাণ তালিকা প্রায় ৬০ শতাংশ কমেছে। পুয়ের্তো রিকোয় এক লাখ ১০ হাজারের বেশি ব্যাটারি সমন্বয় করে পরিচালিত একটি ভার্চ্যুয়াল বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিপূর্ণ ১৮ দিনে জরুরি বিদ্যুৎ মজুত বজায় রাখতে সহায়তা করেছে। কলম্বিয়ায় উন্নত সঞ্চালন প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইনে অতিরিক্ত ৩০০ মেগাওয়াটের বেশি সক্ষমতা যুক্ত হয়েছে।
প্রতিবেদনে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এখন নেওয়া জ্বালানিসংক্রান্ত সিদ্ধান্ত একটি দেশকে কয়েক দশক ধরে ব্যয়বহুল ব্যবস্থার ওপর নির্ভরশীল করে রাখতে পারে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ চুক্তির মেয়াদ সাধারণত ১০ থেকে ২০ বছর, আর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত চালু থাকতে পারে।
এ পরিস্থিতিতে গ্রিডের দক্ষতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে আরএমআই। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার ঝুঁকি কমানোর পাশাপাশি বিদ্যুতের দাম সাশ্রয়ী ও সরবরাহ নির্ভরযোগ্য রাখা সম্ভব হতে পারে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করেছে আরএমআই। সংস্থাটির বিদ্যুৎ কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক মার্ক ডাইসন বলেন, আজ নেওয়া বাস্তবসম্মত পদক্ষেপ বিদ্যুতের খরচ কমাতে, সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে পারে। অনেক ক্ষেত্রে এ জন্য বছরের পর বছর নয়, কয়েক মাসই যথেষ্ট। তিনি আরও বলেন, অগ্রগতির জন্য নিখুঁত পূর্বাভাসের প্রয়োজন নেই। অনিশ্চয়তা কোনোভাবেই স্থবির হয়ে থাকার কারণ হতে পারে না।
প্রতিবেদনে বলা হয়েছে, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে তা ভবিষ্যতের বড় বিনিয়োগের ভিত্তি তৈরি করবে। এর মাধ্যমে বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণ, অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।
