পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবিতে স্মারকলিপি

তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে পোশাক খাতের ছয়টি শ্রমিক সংগঠনের জোট বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য (বিজিডব্লিউইউআই)।সোমবার এই দাবি জানিয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

নেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপিতে জানানো হয়, গত ৬ নভেম্বর বিজিডব্লিউইউআইয়ের আহ্বায়ক কমিটির জরুরি সভায় শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব করা হয়। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাবও বাজারে পড়েছে বলে উল্লেখ করেন সংগঠনটির নেতারা। এতে নিম্ন আয়ের শ্রমিকরা আরও সংকটে পড়েছেন।

স্মারকলিপিতে ১ থেকে ৪ নম্বর গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য আলাদা মজুরির রূপরেখা দেওয়া হয়েছে। গ্রেড-১-এর শ্রমিকদের জন্য সর্বমোট ৩৫ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য সর্বমোট ৩২ হাজার টাকা মজুরির দাবি জানানো হয়েছে। এ ছাড়া দাবি জানানো হয়েছে মজুরি কাঠামোয় ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের।

একই সঙ্গে জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণ এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মজুরি সমন্বয়ের দাবি জানিয়েছে সংগঠনটি। সাব-কন্ট্রাক্ট ও অনিবন্ধিত কারখানার শ্রমিকদেরও নতুন মজুরি কাঠামোর আওতায় আনার দাবি করা হয়েছে। শ্রমিকদের জন্য হয়রানিমুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সব কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে।

সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম রাজা ও সদস্যসচিব মফিদুল রহমান বাবুল বলেছেন, দেশের মোট রপ্তানি আয় ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক শিল্প। এ শিল্পের টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়াতে শ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি। এর আগে ৫৫টি শ্রমিক ফেডারেশন নিয়ে গঠিত পাঁচটি শ্রমিক জোট ৩২ হাজার ১৩০ টাকা ন্যূনতম মজুরির দাবিতে স্মারকলিপি দিয়েছিল।