তিন প্রতিষ্ঠানের দর অস্বাভাবিক বৃিদ্ধ, ডিএসইর সতর্কতা

শেয়ারবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক কোনো জবাব পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে বিনিয়োগকারীদের এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ জুলাই) ডিএসই তাদের নিজস্ব ওয়েবসাইটে পৃথক বার্তার মাধ্যমে এই সতর্কতা জারি করে।

স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানান, অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে তিন প্রতিষ্ঠানের কাছেই ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে তারা জানিয়েছে, শেয়ার বা ইউনিটের দামে এমন ঊর্ধ্বগতির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে বাজারে এ দর বৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্য অনুযায়ী, শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত ১৫ এপ্রিল ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ২৯ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। তিন মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা ৭৪ শতাংশ। অন্যদিকে, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর গত ৩০ মার্চ ৭ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ১৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। সাড়ে তিন মাসে ইউনিটদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৯৬ শতাংশ।

এ ছাড়া এটলাস বাংলাদেশের শেয়ারদর গত ১৫ জানুয়ারি ৫২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ৯৮ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে। ছয় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৮৮ শতাংশ। তিনটি প্রতিষ্ঠানেরই দাবি, শেয়ার বা ইউনিটদরের এ অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে ডিএসইর তদন্তেও দর বৃদ্ধির নির্দিষ্ট কোনো মৌলিক কারণ উঠে আসেনি।