চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় আরও ৫টি কারখানায় আজ রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য রয়েছেন।
শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধাঘন্টা পর শ্রমিকরা সেখান থেকে সরে যান। এ ছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় বিচ্ছিন্ন অসন্তোষের কারণে ৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে, কিছু এলাকায় অস্থিরতা দেখা দিলেও গাজীপুরের সামগ্রিক শিল্পাঞ্চলের চিত্র অনেকটা স্বাভাবিক। জেলায় থাকা প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি কারখানা বাদে বাকি সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ‘ক্রমাগত শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা পুনরায় খুলে দিতে পারবে।’ তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানাগুলোর জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
