স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে ভেজালবিরোধী অভিযানে স্বপ্ন সুপার শপ ও হোটেল জামানকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই অভিযানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী কনফেকশনারি ও কাসুন্দী রেস্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের ঝাউতলার হোটেল জামান ও স্বপ্ন সুপার শপকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে প্রধান সড়কের চৌরঙ্গী কনফেকশনারিকে ৮ লাখ টাকা এবং কাসুন্দী রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হলেও তা আদায় করা হয়নি। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ খাদ্য নিরাপত্তার বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এদিকে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশন, রেস্তোরাঁ মালিক সমিতিসহ ব্যবসায়ীরা।

রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, তারা জরিমানার পক্ষে। তবে জরিমানা করার আগে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনা এবং জরিমানার পরিমাণ সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। পর্যটন মৌসুম শুরুর আগে কক্সবাজারকে লক্ষ্য করে এ ধরনের অভিযান পরিচালনার পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, তা গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনারও আহ্বান জানান তিনি।

এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, দোকান মালিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলসহ অন্যরা বক্তব্য দেন।দোকান মালিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম বলেন, জরিমানার বিষয়টি সুরাহা না হলে তারা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন।

ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, কক্সবাজার পর্যটন শহর হওয়ায় ভ্রমণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এর আগেও এ ধরনের অভিযান হয়েছে। আদালত ও সরকারি প্রতিষ্ঠান সরকারের বিরুদ্ধে বা সরকারকে বেকায়দায় ফেলতে কাজ করে না। ভোক্তার ন্যায্যতা নিশ্চিত করাই তাদের কাজ।