সমস্যা সমাধানে কমিটিকে ২০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার নির্দেশ

ইয়ার্ন আমদানি নিয়ে বিরোধ

বন্ড সুবিধায় ইয়ার্ন আমদানিতে বিধিনিষেধ আরোপ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিপরীতমুখী যুক্তি তুলে ধরেছেন তৈরি পোশাক রপ্তানিকারক ও স্থানীয় টেক্সটাইল মিল মালিকরা। এর পরিপ্রেক্ষিতে এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিকে ২০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল (৯ নভেম্বর) সচিবালয়ে রপ্তানিকারক ও মিল মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠিত বৈঠক থেকে এই নির্দেশনা আসে। বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, ওই প্রতিবেদনের ভিত্তিতে করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী আগামী ২০ নভেম্বরের মধ্যে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিকে সমস্যা সমাধানে একটি প্রতিবেদনে তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।’ তৈরি পোশাক শিল্পের, বিশেষত নিটওয়্যার পণ্য রপ্তানির মূল কাঁচামাল ইয়ার্নের উল্লেখযোগ্য অংশ আমদানি হয়। এই আমদানি হয় মূলত শুল্কমুক্ত সুবিধায়। তবে একই পণ্য স্থানীয় স্পিনিং মিলগুলো উৎপাদন করে, কিন্তু আমদানিতে কম দাম হওয়ায় স্থানীয় উৎস থেকে কেনার বদলে প্রস্তুতকারকরা আমদানিতে উৎসাহিত হন বলে স্থানীয় ইয়ার্ন উৎপাদনকারী মিলমালিকদের অভিযোগ।

সব ইয়ার্ন আমদানির পর তা দিয়ে পোশাক তৈরি না করে স্থানীয় বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে, যার ফলে স্থানীয় মিলগুলো অসম প্রতিযোগিতার শিকার হয়। সেপ্টেম্বরের শুরুতে সরকার বন্ড সুবিধায় ইয়ার্ন আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। এর অংশ হিসেবে শুল্কমুক্ত ব্যবস্থা বাতিল করে আমদানিকৃত ইয়ার্নের মূল্যের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নিয়ম চালু করা হয়।

নতুন এই নিয়ম অনুযায়ী, আমদানিকৃত ইয়ার্ন ব্যবহার করে পোশাক তৈরি করে তা রপ্তানির পর প্রয়োজনীয় কাগজপত্র জমা ও রপ্তানি আয় দেশে আসার পর ওই গ্যারান্টি অবমুক্ত হবে। এরপর থেকেই এ বিধিনিষেধ নিয়ে তৈরি পোশাক রপ্তানিকারক ও স্পিনিং মিল মালিকরা বিপরীতমুখী অবস্থান নেন।

গতকালের বৈঠকে পোশাক রপ্তানিকারকরা অভিযোগ করেন, বিধিনিষেধ আরোপের পর আগের তুলনায় প্রায় ৭-১০ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন স্থানীয় স্পিনিং মিল মালিকরা। এই বিধিনিষেধ কীভাবে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের কারখানা মালিকদের রপ্তানিকে ব্যাহত করছে, তা-ও তুলে ধরেন তারা। তবে এই অভিযোগ অস্বীকার করে স্পিনিং মিলের প্রতিনিধিরা পোশাক প্রস্তুতকারকদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ চান। একইসঙ্গে বাংলাদেশে নির্দিষ্ট কিছু সুতার দাম কেন বেশি পড়ে, তারও ব্যাখ্যা দেন তারা।

নাম না প্রকাশের শর্তে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে তুলার দাম কেজিপ্রতি ০.২৪ ডলার বেড়েছে। ‘এজন্য কিছুটা দাম বেড়েছে। কিন্তু এর বাইরে অন্য কারণে দাম বাড়ানো হয়নি। রপ্তানিকারকরাও তাদের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি,’ বলেন তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমানে প্রচলিত ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা পর্যন্ত চীন থেকে প্রতি কেজি ইয়ার্ন আমদানিতে খরচ পড়ে ৩.৩২ ডলার এবং ভারত থেকে পড়ে ৩.৩০ ডলার। অথচ স্থানীয় স্পিনিং মিল থেকে একই সুতা কিনতে কেজিপ্রতি ৩.৮৫ ডলার গুনতে হচ্ছে। ‘এত বেশি দামে ইয়র্ন কিনে কি আমরা বিশ্ববাজারে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে?’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা না টিকে থাকতে পারলে তারাও অতিমুনাফা করে বেশিদিন টিকে থাকতে পারবেন না।’