আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

করদাতাদের আয়কর বিবরণী ও টিআইএনসংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৬ আগস্ট এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের কথা বলা হয়েছে। এতে পরিদর্শন রেঞ্জ-১-এর কর্মকর্তাকে আহ্বায়ক, পরিদর্শন রেঞ্জ-২, ৩ ও ৪-এর কর্মকর্তাদের যুগ্ম আহ্বায়ক, উপকর/সহকারী/অতিরিক্ত সহকারী কর কমিশনারকে টিম লিডার এবং কর পরিদর্শকদের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ এবং রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র দাখিলের আইনি বাধ্যবাধকতা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ একই হলে, উৎসে কর পরিবীক্ষণের দায়িত্বে থাকা টিমকেই এই পরিবীক্ষণেরও দায়িত্ব দেওয়া হবে। এছাড়া রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র যাচাইয়ের বিষয়টি বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে সংশ্লিষ্ট কর কমিশনার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থবছরের শুরুতেই অর্থ আইন ও আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-সহ সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি এনবিআরকে অসহযোগিতা করলে ধারা ৩১৮ অনুযায়ী দণ্ড এবং নির্দেশ পরিপালন না করলে ধারা ২৬৪ অনুযায়ী জরিমানার বিষয়টি জানিয়ে সতর্ক করা ও যথাযথ প্রচার-প্রচারণা চালাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ অনুযায়ী করদাতার ক্ষেত্রে প্রযোজ্য সর্বশেষ কর বছরের রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) যাচাই নিশ্চিত করতে হবে। নির্দেশনা অনুযায়ী, সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার আগেই প্রতিটি রিটার্ন দাখিলের প্রমাণ etaxnbr.gov.bd-এর পিএসআর ভেরিফাই সিস্টেম থেকে বাধ্যতামূলক যাচাই করতে হবে। একইভাবে, টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্রের সঠিকতা সরাসরি incometax.gov.bd অথবা বারকোড স্ক্যানারের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রতি মাসে নির্ধারিত ছকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র ও টিআইএন সনদ যাচাই-সংক্রান্ত স্বাক্ষরিত তথ্য লিখিতভাবে সংগ্রহ করা হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ ও ট্রাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন বা সংগ্রহ যাচাইয়ের সময় পিএসআর ও টিআইএন প্রত্যয়নপত্রও পরীক্ষা করতে হবে। একই আইনের ১৪২ ধারা অনুযায়ী, সেবা গ্রহণের ক্ষেত্রে পিএসআর উপস্থাপনে ব্যর্থ হলে প্রযোজ্য উৎসে করের হারের অতিরিক্ত ৫০ শতাংশ হারে কর আদায় করা হবে।

বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর জরিপ ও পরিদর্শন শাখা’য় প্রতি মাসের প্রথম তিন কার্যদিবসের মধ্যে এনবিআরের প্রেরিত ছক অনুসারে রিপোর্ট পাঠাতে হবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা অনুযায়ী নিজ এখতিয়ারের মধ্যেই পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। এখতিয়ারবহির্ভূত পরিবীক্ষণ এবং এনবিআরে তথ্য প্রেরণ থেকে সম্পূর্ণ বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।