** রাতে সিগারেট উৎপাদন করে লাগানো হতো নকল স্ট্যাম্প ও ব্যান্ডরোল
** অব্যবহৃত নকল ব্যান্ডরোল-স্ট্যাম্প ও সিগারেট জব্দ, জরিমানা ৫ কোটি টাকা
লাকি সেভেন ব্র্যান্ডের সিগারেটের আনুষ্ঠানিক উৎপাদন শুরু করেনি ইউনাইটেড টোব্যাকো। তবে প্রতিষ্ঠানটির কারখানায় রাতে সিগারেট তৈরি করে নকল ব্যান্ডরোল-স্ট্যাম্প লাগিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল। মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে এ জালিয়াতি ধরা পড়ে। জব্দ করা সিগারেট এবং নকল ব্যান্ডরোল ও স্ট্যাম্পের বিপরীতে প্রায় ৯ কোটি ৫৬ লাখ টাকা রাজস্ব ফাঁকির হিসাব করেছে অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫ কোটি টাকা জরিমানা করেছে রাজশাহী ভ্যাট কমিশনারেট।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর মুলাডুলি শেখপাড়া এলাকায় অবস্থিত ইউনাইটেড টোব্যাকোর মালিক তুহিন আহমেদ। প্রতিষ্ঠানটি অনেক আগে ভ্যাট নিবন্ধন নিলেও আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেনি। গত বছরের ৩ ডিসেম্বর ভ্যাট গোয়েন্দার একটি দল কারখানায় অভিযান চালায়। সেখানে সিগারেট তৈরির দুই সেট যন্ত্রপাতি ও তামাক পাওয়া যায়। অভিযানের সময় সিগারেট উৎপাদন ও তাতে ব্যান্ডরোল লাগানোর কাজ চলছিল।
গোয়েন্দা কর্মকর্তাদের কাছে মালিকের ভাই মো. ফারুক হোসেন স্বীকার করেন, আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু না হলেও তিনি রাতে সিগারেট তৈরি করেন এবং তাতে নকল ব্যান্ডরোল লাগান। তামাক, ব্যান্ডরোল ও স্ট্যাম্প সরবরাহ করেন মালিক নিজেই। তবে উৎপাদিত সিগারেট, ব্যান্ডরোল ও স্ট্যাম্পের মূসকসংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি তিনি।
ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা দেখতে পান, কারখানায় লাকি সেভেন ব্র্যান্ডের ১০ ও ২০ শলাকার প্যাকেটের সিগারেট উৎপাদন করে তাতে ব্যান্ডরোল লাগানো হচ্ছে। ব্যান্ডরোল লাগানো কিছু সিগারেটের প্যাকেটও পাওয়া যায়। তবে এসব সিগারেট অনুমোদিত নয়। কর্মকর্তারা প্রাথমিকভাবে ব্যান্ডরোল ও স্ট্যাম্পগুলো নকল বলে সন্দেহ করেন। পরে তল্লাশি চালিয়ে ওই কারখানা থেকে ৩ লাখ ২২ হাজার ৫০০ ব্যান্ডরোল জব্দ করেন।
অভিযানের সময় কর্মকর্তারা জানতে পারেন, কারখানাটির অদূরে আরও একটি গোপন কারখানায় সিগারেট উৎপাদন করা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট, ২ লাখ ২ হাজার ব্যান্ডরোল এবং ৭ লাখ ৫০ হাজার স্ট্যাম্পযুক্ত সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া সিগারেট তৈরির তামাকসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা ব্যান্ডরোল ও স্ট্যাম্প দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পরীক্ষা করে সেগুলো নকল বলে নিশ্চিত হওয়া যায়।
জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা। এর বিপরীতে প্রযোজ্য রাজস্ব প্রায় ৩১ লাখ টাকা। এ ছাড়া ১০ লাখ ২৯ হাজার অব্যবহৃত জাল ব্যান্ডরোল ও স্ট্যাম্প জব্দ করা হয়। এগুলো ব্যবহার করে ১০ ও ২০ শলাকার প্যাকেটে সিগারেট বাজারজাত করা হলে তার মূল্য দাঁড়াত ১১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। এসব সিগারেটের বিপরীতে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জের পরিমাণ দাঁড়াত ৯ কোটি ২৪ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। জব্দ করা সিগারেট এবং অব্যবহৃত ব্যান্ডরোল ও স্ট্যাম্পের বিপরীতে মোট ৯ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৯৫৮ টাকা রাজস্ব ফাঁকির হিসাব করা হয়েছে। দাবি করা রাজস্ব পরিশোধের আগের দিন পর্যন্ত সুদও প্রযোজ্য হবে।
নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও রাজস্ব ফাঁকির ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে মূসক গোয়েন্দা অধিদপ্তর। পরে মামলার প্রতিবেদন রাজশাহী ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়। কমিশনারেট থেকে ২২ এপ্রিল দাবিনামাসংবলিত কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। প্রতিষ্ঠানটি ২১ মে লিখিত জবাব দাখিল করে। ২৮ জুন প্রতিষ্ঠানের মালিক তুহিন আহমেদ ও ভ্যাট পরামর্শক মো. তাওহিদুল মমিন শুনানিতে অংশ নেন।
শুনানিতে তুহিন আহমেদ দাবি করেন, কারখানায় উৎপাদিত সিগারেট তাঁদের নয়। তবে সিগারেটগুলো কার এবং কীভাবে কারখানায় এল, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি। আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরুর আগে কারখানায় কীভাবে লাকি সেভেন ব্র্যান্ডের সিগারেট তৈরি হচ্ছিল, তারও জবাব দিতে পারেননি।
পরে রাজস্ব ফাঁকির বিষয়টি মেনে নিয়ে দাবি করা অর্থ পরিশোধের অঙ্গীকার করেন তুহিন আহমেদ। এর মধ্যে ৩৪ লাখ ৫৬ হাজার ৭৪৮ টাকা পরিশোধ করেন তিনি। রাজস্ব ফাঁকি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ কোটি টাকা জরিমানা করে ১২ আগস্ট বিচারাদেশ দেন রাজশাহী ভ্যাট কমিশনার মো. খায়রুল কবির মিয়া।
