এক মাস আগেও বাজারে ভালো মানের ১ কেজি কাঁচা মরিচের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে, যা এখন বেড়ে ২০০ টাকারও বেশি হয়েছে। রাজধানীর কিছু বাজারে এর দাম ২৮০ টাকা পর্যন্ত উঠেছে। মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। একইভাবে উত্তরার আশকোনা হজক্যাম্প বাজারেও কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি দেখা গেছে।
কাঁচা মরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। সপ্তাহ দেড়েক আগে দেশে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমেছিল। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক দফা বাড়ে। অন্যদিকে বৃষ্টি-বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সবজি খেতে পানি জমেছে। এতে অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে সবজি পণ্যের সরবরাহ সেভাবে আর বাড়েনি। এর মধ্যে দেশজুড়ে আবারও টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিক্রেতারা জানান, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে, তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি—কোথাও দ্বিগুণ বা তারও বেশি। বাজারভেদে দামে পার্থক্য দেখা যাচ্ছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়, টাউন হল বাজারে ২৫০ থেকে ২৮০ টাকায়। কারওয়ান বাজারে তুলনামূলক কম হলেও ভালো মানের মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে, আর সাধারণ মানের মরিচের দাম রয়েছে প্রায় ১৬০ টাকার কাছাকাছি।
গতকাল রাতে রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকার কাঁচাবাজারে সবজি কিনতে যান জাকির হোসেন। তিনি আজ ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছেন ৬০ টাকায়। অর্থাৎ কেজি ২৪০ টাকা। জাকির হোসেন বলেন, বৃষ্টির কারণে প্রতিদিনই যেন কাঁচা মরিচের দাম বাড়ছে। এক সপ্তাহ আগে ৪০ টাকায় ২৫০ গ্রাম মরিচ কিনলাম, আজ লেগেছে ৬০ টাকা।
