দক্ষিণ আমেরিকার নতুন ক্রেতাদের আকৃষ্ট করে রপ্তানি বাজার সম্প্রসারণে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার ব্যবস্থাপনায় ব্রাজিলের সাও পাওলোর ডিস্ট্রিটো আনেম্বি প্রাঙ্গণে এ মেলা মঙ্গলবার শুরু হয়েছে। মেলা চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এ মেলায় বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান ৫টি বুথে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো—জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস। এ ছাড়া অন্য একটি বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের ব্রোশিওর, লিফলেট ও বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করছে। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি খাতের প্রসার ও প্রচারসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পাটজাত দ্রব্য, ব্যাগ, চামড়াজাত পণ্য, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, গৃহসজ্জার সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা ও মাটির তৈরি সামগ্রী এবং নকশিকাঁথা প্রদর্শন করছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলের কর্মকর্তারা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, মেলার আয়োজকরা এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বুথে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়। আগ্রহী ক্রেতারা বাংলাদেশের স্টলগুলো ঘুরে দেখার পাশাপাশি প্রদর্শিত পণ্যের মানের প্রশংসা করেন এবং বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেন। মেলার অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশ নেবেন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের গৃহসজ্জা ও লাইফস্টাইল পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা আকৃষ্ট এবং নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হবে।
