হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ২১ এপ্রিল সকাল ৮টা থেকে ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১২৯ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৫৬২ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ৪০৬ জন ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম ৯ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৮৬ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৩৫২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ শিশুর। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২৭ হাজার ১৬৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৯২।