আমানতের বিপরীতে দেওয়া সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিপিআরডি-১) থেকে জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ব্যাংকে আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর কর্তন এবং তা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে নানা ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে। আইন অনুযায়ী সঠিক হারে ও বিধান অনুসরণ করে উৎসে কর কর্তন না করায় পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে যথাযথভাবে কর কর্তন না করায় সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
প্রাপকের ধরন অনুযায়ী কর কাটতে হবে
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী, গ্রাহকের সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রাপকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে। এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪২ অনুযায়ী, কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে কোনো করদাতা রিটার্ন দাখিলের প্রমাণপত্র—প্রুফ অব সাবমিশন অব রিটার্ন (পিএসআর)—উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রযোজ্য হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন বা সংগ্রহ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা
উৎসে কর বিধিমালা, ২০২৩-এর বিধান অনুযায়ী কর্তন বা সংগ্রহ করা অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো মাসে কর কর্তন বা সংগ্রহ করা হলে সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। তবে জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কর কর্তন বা সংগ্রহ করা হলে তা পরবর্তী সাত দিনের মধ্যে জমা দিতে হবে। আর ২০ জুনের পর কোনো দিন কর কর্তন বা সংগ্রহ করা হলে পরদিনই তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আলাদা হিসাব ও নথি সংরক্ষণের নির্দেশ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো কর্তৃক কর্তন করা উৎসে কর কোনোভাবেই নির্ধারিত সময়সীমার বেশি জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবে রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই ওই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি উৎসে কর কর্তনের তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়াও নিশ্চিত করতে হবে। এছাড়া উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার লেটারে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের বিপিআরডি-১ বিভাগের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।
