স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে মেটা ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের ওপর মোটা অংকের কর আরোপের বিধান রেখে নতুন আইন পাস করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার পাস হওয়া ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামের এ আইনের মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত অস্ট্রেলীয় সংবাদমাধ্যমগুলোর ঝুলিতে যাবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ আইনের আওতায় গুগল বা মেটার মতো বিভিন্ন প্রযুক্তি কোম্পানি যদি স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হয় তবে তাদের মোট বিজ্ঞাপনী আয়ের ২.৫ শতাংশ কর হিসেবে পরিশোধ করতে হবে। প্রযুক্তি কোম্পানিগুলোর প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদমাধ্যমের খবরের কারণেই সাধারণত ব্যবহারকারীদের উপস্থিতি ও বিজ্ঞাপন আয় বাড়ে। ফলে এ করের মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি অস্ট্রেলিয়ার ওইসব স্থানীয় সংবাদমাধ্যমকেই দেওয়া হবে। নতুন এ করের আওতায় পড়ছে মেটা, অ্যালফাবেটের গুগল, টিকটক ও মাইক্রোসফটের লিংকডইন।
অস্ট্রেলিয়ায় যেসব কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যম বা সার্চ ইঞ্জিনের বড় ধরনের প্রভাব রয়েছে ও দেশটির বাজার থেকে যাদের বাৎসরিক বিজ্ঞাপন আয় ১৭ কোটি ৮০ লাখ (অস্ট্রেলীয় ২৫ লাখ) ডলারের বেশি তাদের ওপরই এ নিয়ম প্রযোজ্য হবে। তবে এসব কোম্পানি চাইলে এ মোটা অংকের কর এড়িয়ে যেতে পারবে। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অন্তত আটটি ভিন্ন অস্ট্রেলিয়ান সংবাদ প্রকাশকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে। এসব চুক্তির মাধ্যমে পাওয়া আর্থিক সুবিধা ওই করের পরিমাণের সঙ্গে সমন্বয় হবে।
নতুন আইনে উল্লেখ রয়েছে, সংবাদমাধ্যমগুলোর সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোর এসব বাণিজ্যিক চুক্তিকে অবশ্যই নতুন নতুন সংবাদ বা খবরের কনটেন্ট তৈরিতে সহায়তা করতে হবে বা প্রকাশকদের তৈরি করা সংবাদ ইন্টারনেটে ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে সম্পর্কিত হতে হবে। অস্ট্রেলিয়ার নতুন এই আইনে ছোট ও মাঝারি সংবাদমাধ্যমগুলোর সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
আইন অনুসারে, বড় সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করলে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি সেই ব্যয়ের ওপর ১৫০ শতাংশ ছাড় পাবে। তবে ছোট ও মাঝারি আকারের সংবাদমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি হলে ২০০ শতাংশ বা দ্বিগুণ ছাড়ের সুযোগ মিলবে। এ ছাড়া, কোনো একক সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তির পরিমাণ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটির মোট আরোপিত করের সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি হতে পারবে না। আইন পাসের পর অস্ট্রেলিয়া সরকার বিবৃতিতে বলেছে, নতুন আইন এখন কার্যকর। ফলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কাছে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্ল্যাটফর্মগুলোকে তাদের কোনো অর্থ বছরের ওপর আরোপিত কর কমানোর সুবিধা পেতে হলে ওই অর্থ বছরের মধ্যেই এসব চুক্তি চূড়ান্ত করতে হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ খাত ও এখানকার অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আজকের দিনটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ আইনটি পাসের ঠিক একদিন আগেই দেশটির পার্লামেন্টে জুয়া সম্পর্কিত সব ধরনের অনলাইন বিজ্ঞাপনের ওপর কঠোর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা আরোপের আরেকটি আইনও পাস হয়।
