শাহজালালে যাত্রীর শরীর থেকে ১২.৬০ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে৫৮৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি চালানো হয়। একপর্যায়ে চেন লিউইয়ুন ও মো শিয়াওয়ু নামের দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হলে তাঁদের তল্লাশি করা হয়।

এ সময় তাঁদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে জব্দ করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। স্বর্ণের মোট ওজন ১২ দশমিক ৬০ কেজি।

এ ঘটনায় জব্দ করা স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।