লিটারে ১৯ টাকা বাড়লো ফার্নেস অয়েলের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা, যা আগে ছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। নতুন এ মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে। গত মাসেও ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছিল। ফলে দুই মাসে মোট দাম বেড়েছে ৪৩ টাকা ৪৪ পয়সা।

সোমবার (১৮ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস অয়েলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার সংস্থাটি এই তেলের দাম ঘোষণা করে এবং এবার তৃতীয়বারের মতো মূল্য সমন্বয় করা হলো। বিপিসির অধীন তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ত চার প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস অয়েল বিক্রি করবে; যার প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সরকারের নির্বাহী আদেশে ফার্নেস অয়েলের দাম সবশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসিতে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।