রাজস্ব ঘাটতি সাড়ে ৮৭ হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছর

২০২৫–২৬ অর্থবছরে আয়কর, ভ্যাট ও কাস্টমস খাত মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। প্রবৃদ্ধি ১২ শতাংশ হলেও লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে। নির্ধারিত ৫ লাখ ৩ হাজার কোটি টাকার বিপরীতে চূড়ান্ত হিসাবে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। এর আগে, গত ১২ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রাথমিক হিসাবে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকার ঘাটতির কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত হিসাবে এই ঘাটতি কিছুটা কমে সাড়ে ৮৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

অটোমেশন ও করজাল সম্প্রসারণে নানা পদক্ষেপ নেওয়া হলেও বিগত ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশিত রাজস্ব আদায়ের হালনাগাদ পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.০৩ শতাংশ।

বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা। ফলে আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮০ শতাংশ। আমদানি ও রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১৯ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ কোটি টাকা। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।

রাজস্ব আহরণের প্রধান উৎস মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে ২০২৫–২৬ অর্থবছরে আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। এর আগের অর্থবছর ২০২৪–২৫-এ এই খাতে আদায় ছিল ১ লাখ ৪১ হাজার ৫৭৬ কোটি টাকা, ফলে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। ২০২৫–২৬ অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা পরে সংশোধিত বাজেটে বাড়িয়ে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা করা হয়। অন্যদিকে, চলতি ২০২৬–২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে ৪৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।