বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সংগঠনটির সহ-সভাপতি মো. শামীম ইসলাম।সোমবার (২ নভেম্বর) বিটিএমএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিটিএমএর তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে ছুটিতে যান সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। পরে ১১ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আসেন সহ-সভাপতি মো. শামীম ইসলাম। বিটিএমএ ও সরকারের বিভিন্ন দপ্তর বিষয়টি নিয়ে তখন থেকেই অবগত। তবে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি। এরপর গত ১ নভেম্বর বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর পর ২ নভেম্বর বিষয়টি প্রকাশ্যে এনেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিএমএর বর্তমান সভাপতি শওকত আজিজ রাসেল ১১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন। এ সময়ে সংগঠনের গঠনতন্ত্রের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহ-সভাপতি মো. শামীম ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মো. শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

বিটিএমএর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতির অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এর আগে রোববার রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শওকত আজিজ রাসেল বিটিএমএ’র সভাপতি। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সোচ্চার ছিলেন। তার উচ্চকণ্ঠ প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিএনপিপন্থি ব্যবসায়ী হিসাবেও তিনি পরিচিত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে লড়ার প্রস্তুতিও ছিল তার।