বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬০ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একযোগে ৬০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) শিবগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. কেরামত আলীর উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

নবাগত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও নতুন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই দিনে একসাথে ৬০ জন নেতাকর্মীর যোগদান শিবগঞ্জের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এর ফলে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। এ ঘটনায় দাইপুখুরিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।