রাজধানীর শ্যামলীর ‘শপিং জোন বিডি’ নামের পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রায় ১১ কোটি টাকার বিক্রয় তথ্য যাচাই করে ৮২ লাখ টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় গত ১৬ সেপ্টেম্বর শপিং জোন বিডিতে আকস্মিক অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
এনবিআর জানায়, জব্দ করা তথ্য ও দলিলাদি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য উদঘাটন করা হয়েছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহার করা মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা বলে জানিয়েছে ভ্যাট বিভাগ। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
