বকেয়া রাজস্ব আদায়ে নানা উদ্যোগ নিয়েও আশানুরূপ সাড়া পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে কর বিরোধ মেটানো, বড় করদাতা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে বৈঠক এবং দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিভিন্ন আদালতে মামলা বিচারাধীন থাকায় আটকে আছে ৮২ হাজার ৭৫৭ কোটি টাকার রাজস্ব। এর মধ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকা জড়িত এমন ৫০টি বড় মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে এনবিআর। সংস্থাটির সূত্রে এসব তথ্য জানা গেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরের আদায়ের তুলনায় এই লক্ষ্য প্রায় ৪৭ শতাংশ বেশি। এ পরিস্থিতিতে আদালতে আটকে থাকা রাজস্ব আদায় এবং দীর্ঘদিনের কর বিরোধ নিষ্পত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে আইনি জটিলতা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকটের কারণে এসব উদ্যোগ বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্কসংক্রান্ত মোট ২৯ হাজার ৫১৯টি মামলায় আটকে আছে ৮২ হাজার ৭৫৭ কোটি টাকার রাজস্ব। এর মধ্যে আয়কর খাতের ৫ হাজার ৫০০টি মামলায় ৩৬ হাজার ৭০০ কোটি টাকা, ভ্যাট খাতের ১১ হাজার ৬৮৪টি মামলায় ৩৬ হাজার ২০০ কোটি টাকা এবং শুল্ক খাতের ১২ হাজার ৩৩৫টি মামলায় ৯ হাজার ৮৫৭ কোটি টাকা জড়িত। ভ্যাট খাতের মামলাগুলোর মধ্যে উচ্চ আদালতে বিচারাধীন মামলাতেই আটকে আছে ২৮ হাজার ৮০০ কোটি টাকা। অন্যদিকে, আয়কর খাতের ১৬টি বড় মামলায় জড়িত প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব মামলার তালিকা অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে।
এনবিআর সূত্র জানায়, সংস্থাটির তিনটি বিভাগ থেকে প্রায় ৫০টি বড় প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাছে প্রায় ৫০ হাজার কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে। বকেয়া আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন অর্থমন্ত্রী। তবে এখন পর্যন্ত শুধু মোবাইল ফোন অপারেটরদের মালিকপক্ষের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নিয়েছেন।
বকেয়া কর বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর করার উদ্যোগও নিয়েছে এনবিআর। এ লক্ষ্যে গত বাজেটে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হয়। এই পদ্ধতিতে করদাতা ও রাজস্ব কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। তবে অর্থবছরের প্রথম তিন মাস পেরিয়ে গেলেও এ উদ্যোগে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য (করনীতি) সৈয়দ আমিনুল করিম বলেন, এডিআর পদ্ধতিতে বকেয়া কর আদায় করতে হলে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ী—উভয় পক্ষকেই কিছুটা ছাড় দিতে হয়। কিন্তু দুই পক্ষের মধ্যেই ছাড় দেওয়ার মানসিকতার অভাব রয়েছে। এ ছাড়া আইনি জটিলতাও রয়েছে, যেগুলোর সংস্কার প্রয়োজন।
দীর্ঘদিনের মামলা নিষ্পত্তির পাশাপাশি বকেয়া রাজস্ব আদায়ে আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এনবিআর। এর মধ্যে রয়েছে হিসাব সমন্বয়, প্রয়োজনে ব্যাংক হিসাব জব্দ এবং সার্টিফিকেট মামলা দায়ের। রাজস্বসংক্রান্ত বড় মামলাগুলো দ্রুত শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগও রয়েছে।
এ ছাড়া রাজস্ব বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘদিনের নিরীক্ষা জট নিরসনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এনবিআরের উচ্চপর্যায়ের বৈঠকে প্রায় ৬৬ হাজার করদাতার নিরীক্ষা দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রাজস্বসংক্রান্ত ২৩টি বড় কর বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে করদাতাদের দায় নির্ধারণ এবং সরকারের পাওনা আদায়ের প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে এনবিআর সূত্র।
