পার্টস-ইঞ্জিন ঘোষণায় গাড়ি আমদানি করেছে মৈত্রী!

** পানগাঁও দিয়ে পার্টস ঘোষণায় প্রায় ৪ কোটি টাকার সিগারেট আমদানি করে মৈত্রী
** আইসিডি কমলাপুর কাস্টম হাউস দিয়ে এর আগে বিপুল পরিমাণ চালান খালাস করেছে মৈত্রী

আমদানি পণ্যের ঘোষণা পুরাতন পার্টস ও ইঞ্জিন। তবে পুরাতন পার্টস ও ইঞ্জিনের সঙ্গে আমদানি হয়েছে আস্ত গাড়ি। তাও আবার রিকন্ডিশন্ড গাড়ি, যা ঘোষণা দেওয়া হয়নি। আমদানিকারক প্রতিষ্ঠান মৈত্রী অটোমাবাইলস এই জালিয়াতি করেছে। আইসিডি কমলাপুর কাস্টম হাউস ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জালিয়াতি করে পার্টস ও ইঞ্জিন ঘোষণায় গাড়ি আমদানির ঘোষণায় গাড়ি আমদানির একটি চালান আটক করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মৈত্রী অটোমাবাইলস এর বিরুদ্ধে এর আগে পানগাঁও কাস্টম হাউস দিয়ে পুরাতন পার্টসের মধ্যে প্রায় চার কোটি টাকার সিগারেট চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে। মিতুল ট্রেড নামের সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক নোমান সিদ্দিকীর সহায়তায় এই চোরাচালান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আইসিডি কমলাপুর দিয়ে মৈত্রী অটোমোবাইলসের সব পণ্য খালাসের দায়িত্বে থাকে মিতুল ট্রেড। মিথ্যা ঘোষণায় কোটি কোটি টাকার পণ্য নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুলাই মৈত্রী অটোমোবাইলস জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে রয়েছে জেপি এক্সেপ্রেস লিমিটেড নামক সিঅ্যান্ডএফ এজেন্ট। এই চালানে পার্টস ও ইঞ্জিন ঘোষণায় রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে চালানটি কাস্টমস গোয়েন্দা ও আইসিডি কমলাপুর কাস্টম হাউস ১ সেপ্টেম্বর লক করে। ১৫ সেপ্টেম্বর চালানটি ‘ফোর্স কিপ ডাউন’ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। দুই দিনব্যাপী পরীক্ষণ শেষে চালানটিতে ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন পার্টস পাওয়া যায়। সঙ্গে দুইটি বিযুক্ত অবস্থায় রিকন্ডিশন্ড গাড়ি পাওয়া যায়, যা ঘোষণা দেওয়া হয়নি। চালানটিতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হতে পারে। তবে রাজস্ব ফাঁকি হিসাব করা হচ্ছে। একইসঙ্গে প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্রমতে, মৈত্রী অটোমোবাইলস মিতুল ট্রেড এর সহায়তায় পুরাতন পার্টসের মধ্যে প্রায় চার কোটি টাকার সিগারেট চোরাচালানের চেষ্টা করে। মিতুল ট্রেড সব চালান আইসিডি কমলাপুর কাস্টম হাউস দিয়ে খালাস করে। কিন্তু ওই চালানটি পানগাঁও দিয়ে খালাসের চেষ্টা করে। তবে মৈত্রী অটোমোবাইলসের বিরুদ্ধে এর আগেও আইসিডি কমলাপুর কাস্টম হাউস দিয়ে একই কায়দায় পার্টস ঘোষণায় গাড়ি আমদানির অভিযোগ রয়েছে।

** সিগারেট চোরাচালানে আমদানি-রপ্তানিকারক-সিঅ্যান্ডএফ জড়িত!
** পুরাতন পার্টসে লুকায়িত ৪ কোটি টাকার সিগারেট আটক