পাটজাত পণ্যের পর এবার বাংলাদেশ থেকে আমদানি করা পলিইথিলিন টেরেফথালেট ফিল্মের (পিইটি) ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অভ ট্রেড রেমেডিজ (ডিজিটিআর) বাংলাদেশি পিইটির ওপর পাঁচ বছরের জন্য টনপ্রতি সর্বোচ্চ ২১৮ ডলার শুল্ক আরোপের সুপারিশ করেছে। খাদ্য, ওষুধ ও ভোগ্যপণ্যের মোড়ক তৈরিতে ব্যবহৃত নমনীয় প্যাকেজিংয়ের অন্যতম উপাদান পিইটি ফিল্ম। এ ছাড়া বৈদ্যুতিক ও বিভিন্ন শিল্প খাতেও প্লাস্টিকের এই শিটের ব্যাপক ব্যবহার রয়েছে।
ভারতের অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেই এই অ্যান্টি-ডাম্পিং শুল্ক কার্যকর হতে পারে। কয়েকদিন আগেই বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর প্রতি টনে ৪৪৫ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক ও পাটের ওপর টনপ্রতি ১৪০.০৪ ডলার পর্যন্ত পৃথক কাউন্টারভেইলিং শুল্ক আরোপ করেছে ভারত। এর কয়েকদিন পরই পিইটির ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্কের এই সুপারিশ এল। পিইটি ফিল্ম এই শুল্কের মুখে পড়ালে এ ধরনের বাণিজ্য ব্যবস্থার আওতাধীন বাংলাদেশি রপ্তানি পণ্যের সংখ্যা দাঁড়াবে ৫টি।
ডিজিটিআরের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে পিইটি ফিল্মের রপ্তানি ছিল ১২ টন, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২ হাজার ৭৬৩ টনে দাঁড়িয়েছে। এটি ভারতের মোট পিইটি ফিল্ম আমদানির প্রায় ৩.৪ শতাংশ। চীন ২৬ হাজার ৮৬ টন ও থাইল্যান্ড ১২ হাজার ৮৭০ টন পিইটি ফিল্ম রপ্তানি করেছে। ডিজিটিআর বলছে, সংশ্লিষ্ট স্থানীয় বাজারে আকিজের পিইটির বিক্রয়মূল্য উৎপাদন ব্যয়ের চেয়ে কম ছিল। তাই সংস্থাটি স্থানীয় দামের পরিবর্তে কোম্পানিটির উৎপাদন খরচ থেকে একটি স্বাভাবিক মূল্য নির্ধারণ করেছে।
বাংলাদেশ, চীন ও থাইল্যান্ড থেকে পিইটি আমদানি নিয়ে করা তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে (২৯ সেপ্টেম্বর তারিখের) ডিজিটিআর বেশিরভাগ বাংলাদেশি প্রতিষ্ঠানের রপ্তানি করা ফিল্মের ওপর টনপ্রতি ২১৮ ডলার শুল্কারোপের প্রস্তাব দিয়েছে। ডিজিটিআরের প্রতিবেদন অনুসারে, চীনা উৎপাদনকারীদের ডিজিটিআরের তদন্তে সহযোগিতার ওপর ভিত্তি করে টনপ্রতি ৫৪ থেকে ৩৬১ ডলার পর্যন্ত শুল্কের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে থাইল্যান্ডের রপ্তানিকারকদের টনপ্রতি ১৯৮ থেকে ৩৬৬ ডলার শুল্কের সম্মুখীন হতে হবে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দেশ থেকে ডাম্পিং করা আমদানি ভারতীয় উৎপাদনকারীদের পণ্যের দাম কমিয়ে দিয়েছে। এর ফলে বস্তুগত ক্ষতি হয়েছে। ডিজিটিআর বাংলাদেশি পিইটি কোম্পানি আকিজ বায়াক্স ফিল্মস লিমিটেডের জন্য টনপ্রতি ৫৮ ডলারের নিম্ন হার নির্ধারণ করেছে। আকিজবশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে এটিই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যারা তদন্তে সহযোগিতা করেছে। ডিজিটিআর রপ্তানি প্রণোদনার জন্য আকিজের রপ্তানি মূল্য সমন্বয় করতে রাজি হয়নি। সংস্থাটি বলেছে, এই দাবি ভারতে সবরাহ করা পণ্যের সঙ্গে সম্পর্কিত নয়।
ভারতীয় পিইটি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু করে ডিজিটিআর। চেরিপাল পলি ফিল্মস, ইস্টার ইন্ডাস্ট্রিজ ও ভ্যাকমেট ইন্ডিয়ার আবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে তদন্তের আওতায় রাখা হয়েছিল। তবে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় প্রাথমিক পর্যায়েই যুক্তরাষ্ট্রকে তদন্ত থেকে বাদ দেওয়া হয়। তদন্তে ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত আমদানির তথ্য পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি ডাম্পিংয়ের কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময় বিবেচনায় নেওয়া হয়েছে। উৎপাদনকারীভেদে আলাদা শুল্কহার নির্ধারণের ফলে ভারতীয় আমদানিকারকেরা বাংলাদেশ, চীন ও থাইল্যান্ডের পাশাপাশি বিকল্প উৎস থেকেও পণ্য সংগ্রহের বিষয়টি নতুন করে বিবেচনা করতে পারেন।
