নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তাঁর মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অজ্ঞাতনামা আরও এক শিশু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে আসা মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাসপাই মোড়ে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ সময় নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও পাঁচজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে গিয়ে স্পিড ব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।