কুষ্টিয়ার ভেড়ামারায় নকল ও অবৈধ সিগারেট আটকের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভেড়ামারার ভবানীপুর বাঁধন বিড়ি ফ্যাক্টরির কাছে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কর্মকর্তাদের ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্থ ও কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভেড়ামারা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক ভূইয়া বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, এনবিআরের নির্দেশে সব কমিশনারেটের কর্মকর্তারা সারাদেশে রাজস্ব ফাঁকি দেওয়া নকল ও অবৈধ সিগারেট-বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের সব ভ্যাট সার্কেল প্রিভেন্টিভ টিম নিয়ে অভিযান পরিচালনা করে আসছে। কমিশনারেটের অনুমোদনক্রমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২, ভেড়ামারার কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে অভিযানে যান। অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, আলী হোসেন সরকার, মো. আনন্দুল্লাহ মিয়া, রাহাত হোসেন, মো. আল আমিন, ফরিদুল্লাহ, গাড়িচালক আবু হানিফ অংশ নেন। ভ্যাট কর্মকর্তাদের গাড়ি দক্ষিণ ভবানীপুর বাঁধন বিড়ি ফ্যাক্টরির কাছাকাছি গেলে ১০-১২ জন দুর্বৃত্ত কর্মকর্তাদের বহন করা গাড়ির গতিরোধ করে ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্থ ও কয়েকজন কর্মকর্তা আহত হয়। হামলায় আহত কর্মকর্তারা রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ৯৯৯ ফোন দেওয়ার পর ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
