ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৩১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৩২ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৫১ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। সবশেষ অক্টোবরের প্রথম ১৫ দিনে সারাদেশে ডেঙ্গুতে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।