টানা পাঁচ দিন পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার সকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যও থেমে যায়।

ব্যবসায়িক সমস্যা সমাধানে গত ৩ সেপ্টেম্বর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে হিলির ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের জানানো হয়।

এরপর আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ পাঁচ দিনের অচলাবস্থা কাটায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।