দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামোর অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে সৌরবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন।
বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং গ্রামীণ হাটবাজারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ প্রকল্পের জন্য এখনো নির্দিষ্ট কোনো বাজেট নির্ধারণ করা হয়নি। তবে চাহিদা অনুযায়ী চীনের বিভিন্ন ব্যাংক ও বেসরকারি বিনিয়োগকারীরা অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। সরকারি ভবনের ছাদ কাজে লাগানোর এই উদ্যোগ বাস্তবসম্মত ও সময়োপযোগী। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়বে, গ্রামীণ অবকাঠামোর বিদ্যুৎ চাহিদা মেটানো সহজ হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।
