চাইনিজ ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩.২৮ কোটি ভ্যাট ফাঁকি

** প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকা বিক্রয় এবং ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করেছে

ঢাকার ধামরাইয়ে অবস্থিত চাইনিজ ইলেকট্রনিক্স ও লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোং লিমিটেড প্রায় ১৪ কোটি টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করেছে। যাতে ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় ৩ কোটি ২৮ লাখ টাকা। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) এই বিক্রয় তথ্য গোপন ও ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের একটি প্রিভেন্টিভ টিম ১৭ সেপ্টেম্বর সিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোং লিমিটেড অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসাবে নিবন্ধিত। তবে অভিযানের সময় প্রস্তুত করা ব্যাটারি এবং ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জাম ছাড়াও ফ্যাক্টরিতে আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত করা অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অভিযানকালে প্রাথমিকভাবে মূসক ফাঁকি অনুমিত হওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য প্রতিষ্ঠানের কাগজপত্র জব্দ করা হয়।

জব্দ করা দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। যাতে মূসক ফাঁকি হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা। এছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করা হয়েছে। যাতে মূসক ফাঁকির পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা। প্রতিষ্ঠানটির উদ্ঘাটিত মোট মূসক ফাঁকির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা। ফাঁকি দেওয়া মূসক আদায়ে আইন ও বিধি অনুসারে দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।