৫৩ বছর আগে পথচলা শুরু। জনপ্রিয় মারি বিস্কুট দিয়ে ব্যাপক পরিচিতি লাভ। একে একে বিস্কুট, চকোলেট ও কনফেকশনারি সামগ্রী দিয়ে বাজারে শক্ত অবস্থান তৈরি করে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এবার বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য মিলেছে। কোকোলা ফুড ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১২১ টাকা ভ্যাট ফাঁকির মামলা করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা)। কোকোলা ফুডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া, পরিচালক তাঁর ছেলে নোমান মিয়া ও মো. আবু সাঈদ।
গাজীপুরে অবস্থিত কোকোলা ফুডের পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে প্রায় ৬৪৬ কোটি টাকা জমার তথ্য গোপন রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দেওয়া দূরের কথা, নিবন্ধিতই নয়। ভুয়া ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স নেওয়া ও ব্যাংক হিসাব খোলা হয়েছে। রাজস্ব সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাব জব্দ করার সুপারিশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগ অনুসন্ধান করে ভ্যাট ফাঁকি ও জালিয়াতির এসব প্রমাণ মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভ্যাট গোয়েন্দার প্রতিবেদনটি সম্প্রতি গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
পাঁচ বছরে ফাঁকি সাড়ে ২৩ কোটি টাকা
ভ্যাট গোয়েন্দার প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুড মোট ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকার পণ্য বিক্রি করেছে। এর মধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রির তথ্য ভ্যাট রিটার্নে দেখানো হয়নি। এতে সুদসহ ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।
পণ্য কেনাকাটা ও বিভিন্ন খাতে ব্যয়ের বিপরীতেও উৎসে ভ্যাট পরিশোধে অনিয়ম পাওয়া গেছে। পাঁচ বছরে এসব খাতে প্রযোজ্য উৎসে মূসক ছিল ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা। এর মধ্যে প্রতিষ্ঠানটি মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা পরিশোধ করেছে। বাকি ১০ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৭০ টাকা পরিশোধ করা হয়নি, যা সুদসহ দাঁড়িয়েছে ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকা। এ ছাড়া স্থান ও স্থাপনা ভাড়ার বিপরীতে ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা ভ্যাট পরিশোধ করা হয়নি। সব মিলিয়ে পাঁচ বছরে কোকোলা ফুডের সুদসহ ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করেছে গোয়েন্দা কমিটি।
সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের ১৯ ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি টাকা
দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, কোকোলা ফুডের মালিকদের নিয়ন্ত্রণে আটটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। ভুয়া ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হয়েছে। কোটি কোটি টাকা লেনদেন হলেও কখনো ভ্যাট রিটার্ন জমা দেওয়া হয়নি। অনুসন্ধানে পাঁচটি প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমার তথ্য পায় ভ্যাট গোয়েন্দা। এই অর্থকে বিক্রির আয় হিসেবে বিবেচনা করে ১৫ শতাংশ হারে ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করা হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ২(৯৭) উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, একই মালিকপক্ষের নিয়ন্ত্রণ ও অভিন্ন স্বার্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো সহযোগী হিসেবে বিবেচিত। কোকোলা ফুডের চেয়ারম্যান ও পরিচালকদের মালিকানা এবং অভিন্ন ঠিকানা ব্যবহারের তথ্যের ভিত্তিতে আটটির মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইউনিক ট্রেডার্সের নয় হিসাবে ৪৪৪ কোটি টাকা
সবচেয়ে বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে ইউনিক ট্রেডার্সের নামে। প্রতিষ্ঠানটি পুরানা পল্টনের একটি ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স নিয়েছে। তবে সরেজমিনে ওই ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাননি গোয়েন্দারা। একই ঠিকানা ব্যবহার করে জনতা, ইউসিবি, উত্তরা, সিটি, ডাচ্-বাংলা, প্রাইম ও পূবালী ব্যাংকে নয়টি হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা জমা হয়েছে। এর বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা। প্রতিষ্ঠানটির অংশীদার কোকোলা ফুডের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, ইমরান মিঞা ও নোমান মিঞা। তবে বিক্রির হিসাব, ভ্যাট নিবন্ধন ও ভ্যাট পরিশোধের কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ।
আরেক প্রতিষ্ঠান এনএস করপোরেশনের জনতা, ওয়ান, উত্তরা ও ডাচ্-বাংলা ব্যাংকের পাঁচটি হিসাবে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা জমা হয়েছে। এর বিপরীতে ভ্যাট ফাঁকি ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আবু সাঈদ। মেসার্স বিসমিল্লাহ ট্রেডিংয়ের ইউসিবি ও ডাচ্-বাংলা ব্যাংকের দুটি হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমা হয়েছে। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা। প্রতিষ্ঠানটির মালিক ইমরান মিঞা ও নোমান মিঞা। গোয়েন্দা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া ঠিকানা ব্যবহার করে ছদ্মনামে লেনদেনের অভিযোগ করা হয়েছে।
মেসার্স সুভানী করপোরেশনের উত্তরা ও ডাচ্-বাংলা ব্যাংকের দুটি হিসাবে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা জমা হয়েছে। এর বিপরীতে ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা ভ্যাট ফাঁকির হিসাব পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির একক মালিক মোহাম্মদ আবু সাঈদ। তবে বৈধ ব্যবসায়িক কার্যক্রমের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
অন্যদিকে, মেসার্স মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির সিটি ব্যাংকের একটি হিসাবে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা জমা হয়েছে। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কোকোলা ফুডের চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিঞা। এ প্রতিষ্ঠানেরও বৈধ ব্যবসায়িক কাগজপত্র পাওয়া যায়নি। এ ছাড়া সামিদ অটো ইমপোর্টস ও ফেসওয়ার্ল্ড নামে আরও দুটি প্রতিষ্ঠানের তথ্য পেয়েছে ভ্যাট গোয়েন্দা। প্রতিষ্ঠান দুটির মালিক মোহাম্মদ আবু সাঈদ। তবে এগুলোর ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া যায়নি।
ব্যাংক হিসাব জব্দের সুপারিশ
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঘোষিত ঠিকানায় গিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। ভ্যাট নিবন্ধন ও রিটার্নের তথ্যও নেই। তদন্তকারীদের ধারণা, কোকোলা ফুডের প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ও আয়কর ফাঁকি দিতে সহযোগী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয়েছে। মূল প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অর্থ এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে। কোকোলা ফুডের বিরুদ্ধে মামলা, দাবিনামা জারি ও নজরদারি বাড়ানো; সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা ও দাবিনামা জারি এবং রাজস্ব সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাব জব্দ করা। এনবিআর সূত্র জানায়, ভ্যাট ফাঁকির ঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নথিপত্র গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদকে ফোন করা হলেও তিনি ধরেননি। পরে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগের বিষয়ে লিখিত বার্তা পাঠানো হয়। বার্তাটি দেখলেও প্রথমে জবাব দেননি। পুনরায় কল করলে কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে তিনি লেখেন, ‘কে দিসে এই খবর? চিলে কান নিয়া গেছে?’ এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।
