অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-১৬ (ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয় ক্যাটাগরির পদে মোট ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে শুধু ঢাকা জেলার স্থায়ী নাগরিকরা এসব পদে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
কর অঞ্চল-১৬-এ কম্পিউটার অপারেটর পদে একজন, প্রধান সহকারী পদে আটজন, উচ্চমান সহকারী পদে সাতজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১০ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন এবং অফিস সহায়ক পদে আটজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমান এবং অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কম্পিউটার ও টাইপিং দক্ষতা
প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ টাইপের গতি থাকতে হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ টাইপের পাশাপাশি সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পদভেদে বেতন দেওয়া হবে। কম্পিউটার অপারেটর ও প্রধান সহকারী পদে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন দেওয়া হবে।
বয়স ও আবেদনের যোগ্যতা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শুধু ঢাকা জেলার উপযুক্ত ও স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু
অনলাইনে আবেদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়।
আবেদন ফি
প্রথম থেকে পঞ্চম পদে আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ষষ্ঠ পদে ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে মোট ফি ৫৬ টাকা।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের tax16.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ‘Application Form’ অপশনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ফরম সাবমিটের পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন সাবমিটের পর পাওয়া User ID ব্যবহার করে নির্ধারিত নিয়মে দুইটি এসএমএস পাঠিয়ে ফি জমা দিতে হবে।
আবেদন শেষ
আবেদন করা যাবে ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
