এক দিনে চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ ও স্বর্ণপেস্টের বস্তু জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ১৮ অক্টোবর পৃথক দুটি অভিযানে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণবার এবং দুই যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির ছয়টি স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়।
সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী কামরুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। এ সময় তাঁর ঘোষিত ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর রেক্টাম থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। এগুলোর মোট প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণপেস্টের বস্তুগুলো অবিকৃত রেখে পরীক্ষা শেষে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হবে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একই দিনে দুটি অভিযানে স্বর্ণ চোরাচালানের ভিন্নধর্মী কৌশল উদ্ঘাটিত হয়েছে। চোরাচালান প্রতিরোধে গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি ও ঝুঁকিভিত্তিক তল্লাশি অব্যাহত রেখেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
