ঈদের ছুটিতে কাস্টমস ও ব্যাংক খোলা রাখার দাবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। রপ্তানি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিশ্চিত করতে তারা এ দাবি জানিয়েছেন। এ জন্য ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর সম্প্রতি পাঠানো চিঠিতে এমন অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এক চিঠিতে ওই অনুরোধ করেছেন বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, তৈরি পোশাক খাত মূলত ফ্যাশন ও সময়নির্ভর একটি শিল্প। বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করা না গেলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে একদিকে উদ্যোক্তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে দেশও মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়। চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে বন্দর, কাস্টমস ও ব্যাংকের নিরবচ্ছিন্ন সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

চিঠিতে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সব সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন, ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যক্রম চালু রাখার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

পোশাক খাতের উদ্যোক্তারা মনে করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ছাড়া এই খাতের রপ্তানি সক্ষমতা বজায় রাখা সম্ভব নয়। নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট সম্পন্ন করা না গেলে শুধু রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকিই তৈরি হয় না, দীর্ঘমেয়াদে বিদেশি ক্রেতাদের আস্থাও হারানোর আশঙ্কা দেখা দেয়। এমন সংকটময় সময়ে এ ধরনের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। বিগত বছরগুলোতে ঈদের ছুটির মধ্যেও কাস্টমস ও বন্দরের কার্যক্রম চালু রেখে পোশাক রপ্তানিতে যে সহযোগিতা দেওয়া হয়েছিল, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে এবারও ঈদের ছুটির সময়ে অনুরূপ সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।