প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিন পরই ইরানি পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ আটক করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ তিনটি হলো ডিপ সি, সেভিন ও দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এসব জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল।
ট্যাংকার জাহাজগুলোকে ঠিক কোথায় জব্দ করা হয়েছে— মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো সে তথ্য জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের বরাতে জানা গেছে, ভারত মহাসাগরের কোনো একটি এলাকা থেকে জব্দ করা হয়েছে জাহাজ ৩টি এবং সাগরের যে অঞ্চলে জাহাজগুলো জব্দ করা হয়েছে, সেখান থেকে ভারত-মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ভূখণ্ড কাছাকাছি।
ডিপ সি ইরানের সুপারট্যাংকার জাহাজ। জব্দ করার সময় জাহাজটি আংশিকভাবে তেলপূর্ণ ছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে ডিপ সি-কে সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল। দ্বিতীয় ট্যাংকার জাহাজ সেভিন জব্দের সময় সেটিতে থাকা তেলের পরিমাণ ছিল ১০ লাখ ব্যারেল। এটি সেভিনের মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ। জাহাজটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা গেছে।
জব্দ করা তৃতীয় ইরানি ট্যাংকার জাহাজ দোরেনা সম্পূর্ণভাবে লোডেড ছিল বলে জানা গেছে। জব্দের পর জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যায়। সর্বশেষ তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতীয় উপকূলের কাছাকাছি এলাকায় জাহাজটিকে দেখা গিয়েছিল। এদিকে গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণায় তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত দেশটির কোনো বন্দর থেকে ইরানি জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজও ইরানে প্রবেশ করতে পারবে না।
বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী।
