ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের যে সুবিধা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে ব্যবসায়ীদের প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রদেয় কর পরিশোধ করতে হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি অর্থবছরের বাজেটে তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরবর্তীতে জানায়, এই ব্যবস্থার ফলে ভ্যাট বা মূল্যসংযোজন কর আদায়ের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। তাই রাজস্ব আদায়ের গতি ফেরাতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায় সংস্থাটি।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ভ্যাট উইংয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে আগের নিয়মেই প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে এবং প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে। তিনি জানান, ত্রৈমাসিক ব্যবস্থার কারণে ভ্যাট আদায়ের স্বাভাবিক গতি কমে গিয়েছিল।
এনবিআরের সূত্র অনুযায়ী, পূর্ববর্তী অর্থবছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুন ও আগস্টে ভ্যাট সংগ্রহ প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, করদাতাদের প্রতি তিন কর মেয়াদ (ট্যাক্স পিরিয়ড) শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল, তার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করা হয়েছে।
