আদালতে হাজির হননি সিমিন, বিক্রি অব্যাহত বিষাক্ত সেভেন-আপ

সেভেন-আপে ক্ষতিকারক উপাদান অতিরিক্ত মাত্রায় পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান। এদিকে মামলা দায়েরের পরও বাজারে ওই সেভেন-আপের বিক্রি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পরীক্ষাগারে পানীয়টির মান নির্ধারিত সীমার বাইরে পাওয়ার পর বাংলাদেশে এর বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানকে একমাত্র আসামি করে মামলা করা হয়। এ মামলায় ১৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য তার প্রতি সমন জারি করা হয়েছিল।

সোমবার (১৬ নভেম্বর) সিমিন রহমান আদালতে হাজির না হওয়া এবং তার কাছে সমন পৌঁছাতে না পারায় মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, পুলিশের গাফিলতির কারণে সমন যথাযথভাবে জারি না হওয়ায় ক্ষতিকর উপাদানযুক্ত সেভেন-আপের বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। সময়মতো সমন জারি হলে আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারতেন। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে সংশ্লিষ্টদের ধারণা।

পরীক্ষাগারে সেভেন-আপে ক্ষতিকর উপাদান নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়ার অভিযোগে মামলা হলেও তদারকি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পানীয়টিতে অ্যাসপারটেম (মিথাইল ইস্টার) অতিরিক্ত মাত্রায় পাওয়া গেছে বলে পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন ক্যানসার গবেষণাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যাসপারটেমকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

২০২৩ সালের ১৪ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাসপারটেমের স্বাস্থ্যঝুঁকি ও ঝুঁকি মূল্যায়নসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। আন্তর্জাতিক সংস্থা আইএআরসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ বিশেষজ্ঞ কমিটি এ প্রতিবেদন তৈরি করে। এতে অ্যাসপারটেমকে ক্যানসারের সম্ভাব্য কারণ হিসেবে গ্রুপ ২বি-তে অন্তর্ভুক্ত করা হয়। এ শ্রেণিতে এমন উপাদান রাখা হয়, যেগুলোর ক্ষেত্রে মানুষের শরীরে ক্যানসার সৃষ্টির সীমিত প্রমাণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, ফেনাইলকিটোনুরিয়া নামের বংশগত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অ্যাসপারটেম বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। কারণ, এ রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীর ফেনাইলঅ্যালানিন ভাঙতে সমস্যায় পড়ে। এ ছাড়া অতিরিক্ত অ্যাসপারটেম গ্রহণের সঙ্গে যকৃতের ক্যানসারের ঝুঁকির সম্ভাব্য সম্পর্ক নিয়েও উদ্বেগ রয়েছে।

সেভেন-আপে শুধু অ্যাসপারটেম নয়, কৃত্রিম মিষ্টিকারক অ্যাসিসালফেম পটাশিয়ামও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ চিনির তুলনায় প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি এ উপাদান অতিরিক্ত গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পটাশিয়ামের ভারসাম্যজনিত জটিলতার আশঙ্কা রয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অনুযায়ী, সেভেন-আপে অ্যাসিসালফেম পটাশিয়ামের গ্রহণযোগ্য মাত্রা সর্বোচ্চ ৩০০ মিলিগ্রাম। কিন্তু পরীক্ষায় পাওয়া গেছে ৪৫০ মিলিগ্রাম। অন্যদিকে অ্যাসপারটেম (মিথাইল ইস্টার) সর্বোচ্চ ৭০০ মিলিগ্রাম থাকার কথা থাকলেও পাওয়া গেছে ১ হাজার মিলিগ্রাম। পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণের ছয়টি পরিমাপক মানের মধ্যে পাঁচটিতেই বড় ধরনের তারতম্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এসব সংস্থার কার্যকর পদক্ষেপ না থাকায় বাজারে পানীয়টির বিক্রি অব্যাহত রয়েছে। এতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। অবিলম্বে সংশ্লিষ্ট লটের সেভেন-আপ বাজার থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি শফিকুজ্জামান বলেন, কোনো পণ্য মানহীন প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তা বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া উচিত। এ ক্ষেত্রে কেন এমন পদক্ষেপ নেওয়া হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার ব্যাখ্যা দিতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। জনস্বাস্থ্যের ঝুঁকি থাকলে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। ক্যাবও বিষয়টি দেখবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্যনিরাপত্তা বিষয়ে কাজ করা মাহবুব কবীর মিলন বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত মান অনুসরণ না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সেভেন-আপের দায় এড়ানোর সুযোগ নেই। এমনকি পণ্যের উপাদান নির্ধারিত মানের মধ্যে থাকলেও লেবেলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে বক্তব্য জানতে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অব ব্র্যান্ড শরিফুদ্দিন শ্যামলকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপেও প্রশ্ন পাঠিয়ে বক্তব্য চাওয়া হয়, তবে কোনো উত্তর পাওয়া যায়নি। পরে ট্রান্সকম বেভারেজেস এবং সেভেন-আপের মূল প্রতিষ্ঠান পেপসিকোর কাছে ই-মেইলে বক্তব্য চাওয়া হলেও এক মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।