বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এক বছরের ব্যবধানে ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশ থেকে প্রায় ৬১ শতাংশে পৌঁছেছে। রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকের লুকানো বা নিয়মিতভাবে প্রদর্শিত পুরোনো খেলাপি ঋণগুলো পুনরায় শ্রেণিবিন্যাস করা হলে এই উল্লম্ফন দেখা দিয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে আইএফআইসি ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী হাজার হাজার কোটি টাকা উত্তোলন করেছিলেন। ওই সময়ের ঋণগুলো খেলাপি হলেও নিয়মিতভাবে দেখানো হতো।
আইএফআইসি ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৪৪,৬২৫ কোটি টাকায়। এর মধ্যে খেলাপি ঋণ ২৭,০৫৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৬০.৬৩ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট ঋণ ছিল ৪৪,২২৫ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৪,৩৮৯ কোটি টাকা বা ৯.৯২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২২,৬৬৬ কোটি টাকা, যা ৫১৬.৪২ শতাংশের সমান। ২০২৩ ও ২০২২ সালের একই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল যথাক্রমে ২,৬০৫ কোটি টাকা (৬.৫৩ শতাংশ) ও ২,৪৯৯ কোটি টাকা (৭.১৮ শতাংশ)।
এ তথ্য প্রকাশিত হলো এমন সময়ে যখন সরকারের ব্যাংকিং রিফর্ম টাস্কফোর্সের সুপারিশে একটি বিদেশি অডিট ফার্ম আইএফআইসি ব্যাংকের ফরেনসিক অডিট করছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অডিটর ইতোমধ্যে ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা করেছেন। একই সঙ্গে ঋণ সঠিকভাবে শ্রেণিবিন্যাস করা হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। পরিদর্শনের ফলে দেখা গেছে, সালমান এফ রহমান পদে থাকার সময় ব্যাংক থেকে বিভিন্ন পন্থায় অর্থ উত্তোলন করেছেন। মূলত নিজস্ব ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়ার সুযোগ না থাকায় তিনি বেনামি প্রতিষ্ঠান খুলে টাকা হাতিয়ে নিয়েছিলেন।
জানা গেছে, তিনি বিভিন্ন ভুয়া কাগজপত্র দেখিয়ে ২৯টি প্রতিষ্ঠান খোলেন। এসব প্রতিষ্ঠানের বিপরীতে আইএফআইসি থেকে প্রায় ১৩ হাজার ৪৬৩ কোটি টাকার ঋণ নেওয়া হয়। ২৯টি মধ্যে ১৩টি প্রতিষ্ঠান খোলা হয় ২০২২ সালের জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এসব প্রতিষ্ঠানকে এক থেকে দেড় মাসের মাথায় ঋণ অনুমোদন করা হয়। এক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে ডিউ ডিলিজেন্স মেইনটেন না করেই বিপুল পরিমাণ অর্থছাড় করা হয়। এছাড়া বিভিন্ন সময় আগের ঋণের সুদ আদায় না করে ব্যাংক নতুন করে ঋণসীমা বৃদ্ধি করা হয়েছিল। ঋণের অর্থ প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক কাজে না লাগিয়ে বেক্সিমকো গ্রুপের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে। এসব ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত ছিল না। এখন এসব ঋণের পুরোটাই খেলাপির খাতায় উঠেছে। এগুলোর প্রভাবে ব্যাংকের সার্বিক খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়ে গেছে।
অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া খেলাপি ঋণের কারণে ব্যাংকের নিরাপত্তা সঞ্চয় বা প্রভিশন সংরক্ষণও হিমশিম খাচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১৯,০৫০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৫৭৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে ১৮,৪৭৬ কোটি টাকা। প্রভিশন সংরক্ষণে ব্যর্থতার কারণে ব্যাংকের মূলধনেও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জানা গেছে, গত জুন শেষে মূলধন ঘাটতি ছিল ৪,০৫১ কোটি টাকা, মার্চে এটি ২,৬৯৮ কোটি টাকা এবং গত ডিসেম্বরে ৯,০২৯ কোটি টাকা ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রভিশন ও মূলধন ঘাটতি কমানোর জন্য ব্যাংকের কাছে কর্মপরিকল্পনা চেয়েছে। ব্যাংক জানিয়েছে, এই ঘাটতি কমাতে ২০৪০ সাল পর্যন্ত সময় প্রয়োজন হবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, স্বল্প সময়ে ঘাটতি নিরসনের পরিকল্পনা চাওয়া হলেও ব্যাংক যে পরিকল্পনা দিয়েছে তা বাস্তবসম্মত নয়। এ ধরনের ব্যাংকগুলোকে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টে (বিআরডি) পাঠানোর পরিকল্পনা রয়েছে। জানা গেছে, খেলাপি ঋণ বৃদ্ধি, প্রভিশন ও মূলধন ঘাটতি এবং সুদ থেকে পর্যাপ্ত আয় না হওয়ার কারণে ব্যাংক বড় ধরনের লোকসান এড়াতে পারেনি। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ১,৮০৬ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ৭০ কোটি টাকা মুনাফা হয়েছিল। ২০২৪ সালে নিট লোকসান হয়েছে ১২১ কোটি টাকা। এর তুলনায় ২০২৩ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৩০০ কোটি টাকা এবং ২০২২ সালে ৩৪৪ কোটি টাকা। মূলত সুদ আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বড় ধরনের লোকসান হয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে নিট সুদ আয় ঋণাত্মক ১,৬১৫ কোটি টাকা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও মুখপাত্র রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ম্যানেজমেন্ট ব্যাংকের ঋণ নিয়ে পর্যালোচনা করেছে। তখন দেখা যায়, কিছু ঋণের অবস্থা খারাপ। এসব খেলাপি হয়ে যাবে, যা বাংলাদেশ ব্যাংকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। কারণ রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকে বিদেশে পালিয়ে গেছে। আবার কেউ আত্মগোপনে রয়েছে। এসব ঋণ আদায় না হওয়ার কারণে খেলাপি অনেক বেড়েছে। এ সময় আমরা ২৪টি মামলা করেছি। এর মধ্যে ২৭ জন কোর্ট থেকে জামিন নিয়ে মামলা লড়ছে। এর একটা ফলও পাচ্ছি, ইতোমধ্যে অনেকে টাকা দেওয়া শুরু করছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটি ৫০ শতাংশে নেমে আসবে।
