স্বদেশ লাইফের চেয়ারম্যান মাকসুদের ২ সঞ্চয়পত্র ফ্রিজ

স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানের নামে থাকা দুটি সঞ্চয়পত্র স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

সঞ্চয়পত্রগুলোতে মোট ৪০ লাখ টাকা আছে বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক নাফিজুর রহমান। আবেদনে আরও বলা হয়, মো. মাকসুদুর রহমান এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেড উত্তরা শাখা থেকে স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানীর নামে থাকা এফডিআর জামানত রেখে ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার টাকা স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের অনুকূলে ঋণ নেন। পরে সেই অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে উত্তোলন করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

এ অবস্থায় সঞ্চয়পত্র হিসাব দুটি ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে অভিযুক্ত টাকা উত্তোলন করতে পারেন। তাই মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এজাহারনামীয় ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা সঞ্চয়পত্র হিসাব দুটি ফ্রিজ করা প্রয়োজন।