ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ল ৩০ টাকা

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাম দাঁড়িয়েছে ১৯০ টাকা। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও চড়া থাকায় স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তবে ডিম ও গরুর মাংসের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং ডিম আগের দামে পাওয়া যাচ্ছে। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের মাছ এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। রুই মাছ আকারভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে চিংড়ি মাছের দামও বেড়েছে। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে, আর বড় আকারের চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে।

অন্যদিকে মুরগির বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনপ্রতি ১০০ থেকে ১১০ টাকার মধ্যে রয়েছে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকায় স্থির আছে। বাজারে মাছ কিনতে আসা ধানমন্ডির বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না; চাষের মাছের দাম কিছুটা কম হলেও সামুদ্রিক মাছের দাম বেশি হওয়ায় কেনা কঠিন হয়ে পড়েছে। এদিকে ডিম ব্যবসায়ী মাসুম জানান, আগের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে; বর্তমানে সাদা ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১০০ টাকা এবং ব্রাউন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।

গৃহিণী নাসরিন আক্তার বলেন, ‘সব মাছের দাম বেড়েছে। তেলাপিয়া ২৩০ টাকা কেজি। মানুষ খাবে কী? রুই কিনলাম ৩০০ টাকা কেজি। রায়ের বাজারের মাছ বিক্রেতা আব্দুল কাদের বলেন, ‘নদী ও ঘের থেকে সরবরাহের ওপর দাম নির্ভর করে। চিংড়ির সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেশি। অন্যান্য মাছের দাম গত সপ্তাহের তুলনায় খুব একটা পরিবর্তন হয়নি। এই সময় মাছের দাম কিছুটা বেশি থাকে। বর্ষা লাগলে নদী মাছ বেশি পাওয়া যায়। তখন দাম কিছুটা কমে যায়। মুরগি বিক্রেতা মো. সোহেল বলেন, ‘ব্রয়লারের সরবরাহের উপরে দাম নিয়ন্ত্রণ হয়। যেদিন সরবরাহ বেশি সেই দিন দাম কম। আজকে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। গত সপ্তাহের তুলনায় ২০–৩০ টাকা বেড়েছে।