সোলারের সব যন্ত্রপাতি ১% শুল্কে আমদানির সুযোগ

নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আমদানিতে বড় ধরনের করছাড় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ১৬ সেপ্টেম্বর জারি করা এক আদেশ অনুযায়ী, শিল্পে ব্যবহারের জন্য সোলারের যন্ত্রপাতি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব যন্ত্রপাতি এখন ১ শতাংশ শুল্কে আমদানি করা যাবে।

অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকেরাও দেশে উৎপাদিত কয়েকটি কম্পোনেন্ট ছাড়া সোলারের বেশিরভাগ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ১ শতাংশ শুল্কে আমদানি করতে পারবেন। এর আগে এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে পণ্যভেদে মোট করভার ২৩ থেকে ৬৪ শতাংশ পর্যন্ত ছিল।

আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবীব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এ সুবিধা আগামী ছয় মাস বহাল থাকবে। এদিকে এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ করছাড়ের ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী করতে এ উদ্যোগ সহায়তা করবে।