রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকা

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে গুঁড়িয়ে দেয়ার মাত্র এক দিন পর শনিবার সড়কের পাশে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে শিশুদের টিকা দেয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে ১০০ জনেরও বেশি শিশুকে এই টিকাদান সেবা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, ‘আজকে ১০০ এর বেশি শিশু টিকা নিয়েছে। যেহেতু এই এলাকার মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল, তাই ধ্বংসস্তূপের মধ্যেই টিকা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হবে।’ নিরাপত্তা ও স্থানীয়দের সমর্থনের বিষয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাসহ যাবতীয় বিষয়ে আশ্বস্ত করা হয়েছে, এলাকাবাসীও আমাদের সঙ্গে আছেন। সুতরাং দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে হবে।’

সেবা প্রদান অব্যাহত রাখা নিয়ে নাসরিন আখতার বলেন, ‘আমরা এই ধ্বংসস্তূপের মধ্যে বসে আজকে টিকা দিচ্ছি এবং এটা আসলে একদিনে তৈরি হয়নি। আমরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কাজ করছি এবং এলাকার মানুষের আস্থা ও আমাদের আন্তরিকতার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনারা দেখে থাকবেন যে অসংখ্য নারী, পুরুষ, বাবা-মা তারা আসছে সন্তানদেরকে নিয়ে টিকা দিতে ও বিভিন্ন ধরনের সেবা নিতে।’ তবে উচ্ছেদের কারণে সেবা ব্যাহত হওয়ার চিত্র তুলে ধরে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘গর্ভবতী মায়েদের সেবা নেয়ার উদ্দেশ্যে এসে অনেকে ফেরত যাচ্ছে। আমাদের তো কিছু নাই ভিতরে, তাই না? আমাদের যন্ত্রপাতি সব নিয়ে গেছে।’