ভুয়া রপ্তানি ও বন্ডের কাপড় ডোর-টু-ডোরে বিক্রির প্রমাণ পেয়েছে

কেএলডি অ্যাপারেলস লিমিটেডে অভিযান

** বন্ডের প্রিভেন্টিভে ভুয়া রপ্তানি প্রমাণিত-প্রতিষ্ঠান নিট ফেব্রিক্স আমদানি না করলেও ছয় মাসে নিট ফেব্রিক্সের ১০৫৪৪ কেজি পণ্য তৈরির প্রমাণ পেয়েছে
** প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা কাপড় ডোর টু ডোর সার্ভিস এবং এলসির মাধ্যমে পুরোটা বিক্রি করে দিয়ে আসছে, সেজন্য স্টক লটের মাল দিয়ে ভুয়া রপ্তানি দেখিয়েছে
** প্রিভেন্টিভ টিমকে ছয়মাসে আমদানি করা ৬৪ টন কাপড়ের হিসাব দিতে পারেনি প্রতিষ্ঠান, যাতে শুল্ককর ফাঁকি প্রায় ২ কোটি ৭২ লাখ টাকা
** এর আগে অঙ্গীরনামা দিয়ে একাধিক বিল অব এন্ট্রির এফওসির কাপড় আমদানি করে বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠান, নেয়নি বন্ডের অনুমোদন, অভিযান প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি, তিন বছরে বিক্রি করেছে ১৭৯ মেট্রিক টন কাপড় ও এক্সেসরিজ, যাতে শুল্ককর ফাঁকি প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা

বন্ড সুবিধার কাপড় ও এক্সেসরিজ ‘ডোর-টু-ডোর’ সার্ভিসের মাধ্যমে বিক্রি করে আসছে। শুধু ডোর-টু-ডোর সার্ভিস নয়-এলসি কন্ট্রাক্টে ইসলামপুরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে প্রতিষ্ঠান। ফ্যাক্টরি রয়েছে নামমাত্র, যাতে কিছুই তৈরি করে না। মাত্র সাত মাসে ৬৪ মেট্রিক টন কাপড় ও এক্সেসরিজ আমদানি করা হলেও এক পিস পোশাক তৈরি হয়নি। এখানে শেষ নয়, শুল্ককর ফাঁকি থেকে বাঁচতে নিজের ইএক্সপি ব্যবহার করে অন্য ব্যবসায়ীদের স্টক লটের মাল দেখিয়ে ভুয়া কাগজে রপ্তানি দেখিয়ে আসছে। বন্ড সুবিধার অপব্যবহার ও এমন জালিয়াতি করে আসছে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের আওতাধীন কেএলডি অ্যাপারেলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ৭ জানুয়ারি বিজনেস বার্তায় ‘‘জানে না উত্তর বন্ড কমিশনারেট-বন্ডের কাপড় ‘ডোর-টু-ডোর সার্ভিস’ ও এলসি বিক্রি করে কেএলডি’’-শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরপরই বন্ড কমিশনারেটের টনক নড়ে। ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটিতে বন্ড কমিশনারেট থেকে প্রিভেন্টিভ পরিচালনা করা হয়।

বন্ড কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটিতে বন্ড সুবিধার কোন কাপড় ও এক্সেসরিজ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটিতে পণ্য উৎপাদনের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়া ছয়মাসে প্রতিষ্ঠানের আমদানি করা প্রায় ৬৪ মেট্রিক টন কাপড়ের কোনো অস্তিত্ব পায়নি। রপ্তানি যাচাই করে কর্মকর্তারা দেখেছেন যে, প্রতিষ্ঠান যে কাপড় আমদানি করেছে-সেই কাপড় নয়, অন্য কাপড়ের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অর্থাৎ ভুয়া রপ্তানি দেখিয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রিভেন্টিভ টিম ইতোমধ্যে প্রতিবেদন দিয়েছে। শুধু ডোর-টু-ডোর নয়, এর আগে প্রতিষ্ঠানটি এফওসি সুবিধার একাধিক চালানের কাপড় চট্টগ্রাম কাস্টম হাউসে অঙ্গীকারনামা দিয়ে খালাস করে বিক্রি করে দিয়েছে। আমজাদ ট্রেডিং লিমিটেড নামের অসাধু এক সিএন্ডএফ এজেন্টের সহায়তায় ‘ঘুষের কন্ট্রাক্টে’ এই কাপড় খালাস হতো। তিন বছরে প্রায় ১৭৯ মেট্রিক টন কাপড় ও এক্সেসরিজ আমদানি করে সরাসরি বিক্রি করে দিয়েছে এই প্রতিষ্ঠান। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানিয়েছে, প্রিভেন্টিভ টিমের সদস্যরা কেএলডি অ্যাপারেলস লিমিটেডের ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা কোনো কাপড় ও এক্সেসরিজ পায়নি। ওয়্যারহাউসে কেবলমাত্র ১৭ হাজার ৪৮৮ পিস ডেনিম প্যান্ট পেয়েছে, অথচ এই ডেনিমের কাপড় প্রতিষ্ঠান আমদানি করেনি। এমআইএস থেকে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির ২০২৫ সালের ৫ জুন থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত (প্রায় সাত মাস) আমদানির তথ্য যাচাই করেন। যাতে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাত মাসে ৬৪ হাজার ৮০৪ কেজি বা প্রায় ৬৪ মেট্রিক টন কাপড় ও এক্সেসরিজ আমদানি করেছে। যার মধ্যে ৬৮৮ কেজি ফেব্রিক্সস, ২ হাজার ৩২৪ কেজি ওভেন ফেব্রিক্সস, ৩৭ হাজার ৫৭৯ কেজি পলিস্টার ফেব্রিক্সস, ২৪২ কেজি কটন ফেব্রিক্সস, ২৩ হাজার কেজি ড্রাই টেক্স ওভেন ফেব্রিক্সস। এছাড়া ৫ কেজি র্যাপিড ট্যাগ, ৯৬৭ কেজি লেইস। আমদানি করে ডোর-টু-ডোর সার্ভিসে বিক্রি করে দেওয়া এই কাপড়ের আরোপিত শুল্ককর প্রায় ২ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা, যা প্রতিষ্ঠান ফাঁকি দিয়েছে।

অপরদিকে, প্রতিষ্ঠানটির ওই সাত মাসের রপ্তানির ডাটা যাচাই করেছেন কর্মকর্তারা। যাতে দেখা গেছে, প্রতিষ্ঠানটি সাত মাসে ১০ হাজার ৫৪৪ কেজি পোশাক রপ্তানি দেখিয়েছে। যার মধ্যে নিট ফেব্রিক্সের তৈরি ১ হাজার ৮৭৭ কেজি টি-শার্ট রয়েছে। অথচ প্রতিষ্ঠানটি ওই সময়ে কোনো নিট ফেব্রিক্সস আমদানি করেনি। অর্থাৎ বিজনেস বার্তার অনুসন্ধানেও দেখা গেছে, প্রতিষ্ঠানটি আমদানি করা সব কাপড় ডোর-টু-ডোর সার্ভিস ও এলসি কন্ট্রাক্টে বিক্রি করে দেয়। আর নিজের ইএক্সপি ব্যবহার করে অন্য ব্যবসায়ীদের স্টক লটের মাল দেখিয়ে ভুয়া কাগজে রপ্তানি দেখিয়ে আসছে। বন্ড কর্মকর্তারা এই ভুয়া রপ্তানির প্রমাণ পেয়েছে। এছাড়া নিট ফেব্রিক্সের তৈরি ৫ হাজার ৭২৫ কেজি টি-শার্ট, টাউজার, হুডি; ২ হাজার কেজি স্লিপস, পলো শার্ট ও টি-শার্ট; ৯৪২ কেজি মেন্স বক্সার, লেডিস পেন্টি রপ্তানি দেখিয়েছে। অথচ প্রতিষ্ঠানটি কোন নিট ফেব্রিক্সস আমদানি করেনি। প্রিভেন্টিভ টিমের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা শুল্ককর ফাঁকির বিষয়ে ব্যাখ্যা; ভুয়া রপ্তানিতে দেখানো টি-শার্ট, টাউজার, হুডি, স্লিপস, পলো শার্ট এর উৎপাদনে ব্যবহৃত কাপড় সংগ্রহের বিষয়ে ব্যাখ্যা এবং প্রতিষ্ঠানের বন্ডেড ওয়্যারহাউসে ১৭ হাজার ৪৮৮ পিস ডেনিম প্যান্ট এর কাপড়ের বিষয়ে ব্যাখ্যা চাওয়াসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

অপরদিকে, কেএলডি ২০১৪ সালে অর্থাৎ প্রায় ১৫ বছর আগে লাইসেন্স পেয়েছে। প্রতিষ্ঠানটি লাইসেন্স পাওয়ার পর থেকে একইভাবে বন্ডের কাপড় ও এক্সেসরিজ আমদানি করে সরাসরি বিক্রি করে আসছে। রপ্তানি জালিয়াতি, কোনো উৎপাদন না করে কাপড় সরাসরি বিক্রি করে দেওয়ার পরও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বন্ড কমিশনারেট থেকে জোরালো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সূত্র বলছে, প্রতিষ্ঠানের মালিক ও কথিত এক পরিচালক বা কর্মাশিয়াল বন্ড কর্মকর্তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে এক অসাধু সিঅ্যান্ডএফ এজেন্টের সহায়তায় পার পেয়ে আসছে। যার ফলে লাইসেন্স সাসপেন্ড, বিন লক করা হয় না।

এনবিআর সূত্র বলছে, কেএলডি অ্যাপারেল রাজস্ব ফাঁকি দিতে বন্ডের সব কাপড় ও এক্সেসরিজ বিক্রি করে দেয়। জালিয়াতি করা প্রতিষ্ঠানটি সময়মত নিরীক্ষা করে না। এছাড়া ভুয়া ঠিকানা ব্যবহার করে। ২০২২ সালের ৭ আগস্ট থেকে ২০২৫ সালের ৬ আগস্ট পর্যন্ত নিরীক্ষা বাকি। সেজন্য চলতি বছরের ১৫ মে বন্ড কমিশনারেটের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির ঠিকানায় গিয়ে দেখতে পান, সেখানে কেএলডি অ্যাপারেলস লিমিটেড নামের কোনো প্রতিষ্ঠান নেই। সেখানে রনি টেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ভুয়া ঠিকানা ব্যবহার করে আসছে। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি কয়েকটি বিল অব এন্ট্রির মাধ্যমে বিপুল পরিমাণ এফওসি সুবিধার কাপড় কার্টিং তদারকির শর্তে অঙ্গীকারনামা দিয়ে খালাস করেছে। অথচ সেই কাপড়ও বিক্রি করে দিয়েছে। এছাড়া ভুয়া ইউডি দিয়ে ভুয়া রপ্তানি দেখায়। ২০২২ সালের ৭ আগস্ট থেকে ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১ লাখ ৭৯ হাজার ১৯৪ কেজি বা ১৭৯ মেট্রিক টন কাপড় ও এক্সেসরিজ আমদানি করেছে, যা সরাসরি বিক্রি করে দেওয়া হয়েছে। যাতে প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা শুল্ককর ফাঁকির বিষয়ে বন্ড কমিশনারেট কারণ দর্শানো নোটিশ জারি করেছে বলে জানা গেছে।

এই বিষয়ে বক্তব্য জানতে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের শাহিদুল ইসলাম আকাশ এর ব্যক্তিগত নাম্বারে ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকা আফচার এর ব্যক্তিগত নাম্বারে ফোন দেওয়া হলেও তিনি লাইন কেটে দেন। সূত্র বলছে, আফচার প্রতিষ্ঠানের মালিক পরিচয় দেয়। অথচ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ডোর-টু-ডোর সার্ভিসে কাপড় বিক্রি ও কন্ট্রাক্টে এলসি বিক্রি করে এই আফচার। ফলে এই আফচার ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানের দালাল হিসেবে পরিচিত। কন্ট্রাক্টে এলসি বিক্রি ও ডোর-টু-ডোর সার্ভিসে কাপড় বিক্রির প্রমাণ বিজনেস বার্তার হাতে রয়েছে।

** বন্ডের কাপড় ‘ডোর-টু-ডোর সার্ভিস’ ও এলসি বিক্রি করে কেএলডি