জেমকন গ্রুপের কাজী নাবিলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

১০০ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির মামলায় যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে ধানমন্ডিতে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার টাকার ১১ শতক জমি ও ছয়তলা ভবন, গুলশানের চারুত হোমস লিমিটেডে ৪ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৮৫৬ টাকার একটি ফ্ল্যাট, মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে ৬৬ লাখ ৬ হাজার ৮৬৫ টাকার ১৯৫ দশমিক ২১ শতাংশ জমি এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় মোট ৯৯ দশমিক ২৩৯১ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব সম্পদের মূল্য ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪৫ ব্যাংকের বিভিন্ন হিসাবে থাকা ৬১ লাখ ২ হাজার ৭৬১ টাকা এবং ৬২ কোম্পানির ২২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩২১ টাকা ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন।

আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অসৎ উদ্দেশে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং তার নিজ, যৌথ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৪৫টি হিসাবে জমা মোট ৫৪ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৯৮৪ টাকা ও উত্তোলন মোট ৫৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার চার টাকাসহ মোট ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় গত ১৯ আগস্ট দুদক মামলা করেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত জরুরি।

আসামি তার নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করা (অবরুদ্ধ) আবশ্যক।

** জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দ
** জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির শেয়ার অবরুদ্ধ
** আনিস-ইনামের ১১৩ কোটি টাকার অবৈধ সম্পদ
** কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক
** কাজী নাবিলসহ ১০ জনের ব্যাংক হিসাব জব্দ